ডিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত
আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের ধরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ‘ডিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারঘোষিত জাতীয় শোক দিবসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ডিসিসিআই। এ অবস্থায় ঢাকা চেম্বারের পূর্বনির্ধারিত ‘ডিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে হওয়ার কথা ছিল। তবে ‘পজিশনিং বাংলাদেশ: ব্র্যান্ড ফর বিজনেস’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক কনফারেন্সটি পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসিসিআইয়ের সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যরা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ১১১ জনের মৃত্যুতে গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাহায্যের লক্ষ্যে লি অ্যান্ড ফুং নামের হংকংভিত্তিক একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।