ডিসিসিআইতে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) আজ বুধবার ‘বৈদেশিক বাণিজ্য প্রতিনিধিত্বে উন্নত ব্যবস্থাপনা বিনিময়’বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুজিবুর রহমান বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি জোর দিতে হবে। তিনি সরকারি ও বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বিদেশে বাংলাদেশি পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণে বাংলাদেশের দূতাবাসগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।এ সময় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি হায়দার আহমদ খান এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সহযোগিতা দেওয়ার জন্য আইটিসিকে ধন্যবাদ জানান।আইটিসির জ্যেষ্ঠ কনসালট্যান্ট বারট্রেন্ড জকটিয়ার মনরোজিয়ার বলেন, এই কর্মশালার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য প্রতিনিধিত্বে সেবা ও ব্যবস্থাপনা এবং অন্য দেশের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইর পরিচালক এম বশির উল্লাহ ভুঁইয়া, খন্দকার শহীদুল ইসলাম, সাবেক পরিচালক নেসার মাকসুদ খান, রফিকুল ইসলাম খান প্রমুখ। ডিসিসিআইর অতিরিক্ত সচিব সৈয়দ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।