ডিসিসিআইয়ে বেসরকারি খাতের উন্নয়নে তথ্যবিনিময় সভা
বেসরকারি খাতের উন্নয়নের লক্ষ্যে ‘বেসরকারি খাতের উন্নয়ন: বিজনেস-টু-বিজনেস’ বিষয়ক তথ্যবিনিময় সভা আজ সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) অনুষ্ঠিত হয়েছে। ডিসিসিআই ও বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।পিএসআই এশিয়ার সিনিয়র প্রজেক্ট অফিসার বেরি ব্রুনাস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারেল রিকটার ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা হামিদ এতে বক্তব্য দেন।অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এ দেশের রপ্তানিমুখী পণ্যের বহুমুখীকরণ ও অপ্রচলিত পণ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য এবং ওষুধ আমদানির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগ ও শিল্পায়ন বিষয়ক নীতিমালার সহজীকরণ করেছে।বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারেল রিকটার বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আশাব্যঞ্জকভাবে সামনের দিকে এগোচ্ছে। তিনি জানান, ২০১২ সালে নেদারল্যান্ডসভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসের ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা হামিদ বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য বহুমুখীকরণে ডাচ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি নেসার মাকসুদ খান, পরিচালক ওসমান গনি, খায়রুল মজিদ মাহমুদ, কে এম এন মনজুরুল হক, হায়দার আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।