ডিসিসিআইয়ের সঙ্গে ভুটানের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক হয়েছে
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতাদের সঙ্গে বাংলাদেশে সফররত ১৭ সদস্যবিশিষ্ট ভুটানের একটি বাণিজ্য প্রতিনিধিদল সম্প্রতি বৈঠক করেছে।রাজধানীর মতিঝিলে ডিসিসিআইতে আয়োজিত বৈঠকে ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান সভাপত্বি করেন। ভুটান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের অর্থ মন্ত্রণালয়ের সচিব দাশো সোনাম। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কিসেঙ্গ এবং ভুটান চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল পাব টেসারিং, ডিসিসিআই সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক এম বশির উল্লাহ ভূঁইয়া, মাহবুব আনাম, মো. নাসিরউদ্দিন খান এবং এম আনওয়ারুল হক উপস্থিত ছিলেন বলে ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যসম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপসহ সড়ক ও আকাশপথের যোগাযোগ আরও বাড়ানোর তাগিদ দেয়া হয়।