ডিসেম্বর থেকে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে ‘ডিজিটাল স্বাক্ষর’ পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। তিন বছরমেয়াদি এই ডিজিটাল স্বাক্ষর কর্মসূচির বাস্তবায়ন শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। প্রাথমিক পর্যায়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সীমিত আকারে এই পদ্ধতি ব্যবহার করা হবে। জানা গেছে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতার জন্য আগামী ডিসেম্বরের মধ্যে প্রধানত ‘ই-ক্রয় পদ্ধতি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ডিজিটাল স্বাক্ষর ব্যবস্থা চালু না হলে ই-ক্রয় পদ্ধতি বাস্তবায়ন করা কঠিন হবে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সম্প্রতি এক কর্মশালায় এ বিষয়টি উল্লেখ করে বলেন, ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু না হলে ই-ক্রয় পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না। তাই ডিজিটাল স্বাক্ষর চালু করার বিষয়ে কাজ চলছে।”এ প্রসঙ্গে ডিজিটাল স্বাক্ষর কর্মসূচির পরিচালক রেজোয়ানা শারমীন প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল স্বাক্ষর চালুর কাজ অনেকটা এগিয়েছে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে চালু করতে পারব।’ জানা গেছে, আগামী মাসে (অক্টোবর) ডিজিটাল স্বাক্ষর তৈরির জন্য বাছাই করা স্বাক্ষর প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি তৈরির জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেবে অফিস অব দি কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি (সিসিএ)। আগ্রহী ব্যক্তিরা নিজেদের ডিজিটাল সই তৈরি করতে চাইলে সরকার বা সিসিএ অনুমোদিত এসব প্রতিষ্ঠানে আবেদন করবেন। ওই প্রতিষ্ঠানগুলো সই তৈরি করে দেবে। আর ডিজিটাল সই ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের ডিজিটাল স্বাক্ষরের গোপনীয়তা রক্ষা করতে পারবেন। উল্লেখ্য, তিন বছরমেয়াদি ডিজিটাল স্বাক্ষর কর্মসূচি চালু করতে ২০০৯ সালের অক্টোবরে এই সিসিএ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, পুরোদমে এই ডিজিটাল স্বাক্ষর কর্মসূচি চালু করতে আরও দুই-আড়াই বছর সময় লাগবে।একই মতামত পোষণ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, কাজের খুব একটা অগ্রগতি নেই। সার্টিফায়িং অথরিটির কাজে গতি কম। যেভাবে কাজ এগোচ্ছে, তাতে কত দিনে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু করা হবে, তা বলা মুশকিল। মোস্তাফা জব্বার আরও জানান, শুধু ই-ক্রয় নয়, ই-গভর্নেন্স চালু করতে হলেও অবশ্যই ডিজিটাল স্বাক্ষর চালু করতে হবে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই ডিজিটাল সই খুবই জরুরি। কারণ, ডিজিটাল সই অনেক নিরাপদ। এ পদ্ধতিতে সই নকল করা সম্ভব নয়। সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ জানান, ডিজিটাল সই কার্যক্রম চালু হলে সরকারি ক্রয় ক্ষেত্রে স্বচ্ছতা আসবে। এতে করে একজনের সই নকল করে অন্য কেউ দরপত্র জমা দিতে পারবে না। ফলে দুর্নীতি-অনিয়মের সুযোগও কমে যাবে।