ডিসেম্বর থেকে লেনদেন প্রতিবেদন পাবে সুইফট গ্রাহকেরা

ডিসেম্বর থেকে প্রতিদিন গ্রাহকদের লেনদেনের প্রতিবেদন (ডেইলি ভেলিডেশন রিপোর্ট) পাঠানো শুরু করবে সুইফট। এতে গ্রাহকের সুইফট টার্মিনাল থেকে পাঠানো মেসেজগুলোর তালিকা থাকবে, যাতে কোনো ভুয়া পরিশোধের নির্দেশ থাকলে ব্যাংকগুলো তা সহজেই শনাক্ত করতে পারে। গ্রাহকের পরিশোধের ধরন থেকে লেনদেনের নির্দেশনায় কোনো বিচ্যুতি আছে কি না সে বিষয়েও প্রতিবেদন থাকবে।
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
স্বাভাবিক সুইফট টার্মিনালের একটি আলাদা চ্যানেলের মধ্য দিয়ে গ্রাহকদের ‘পেমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স টিমের’ কাছে নতুন প্রতিবেদনগুলো পাঠানো হবে, যাতে হ্যাকাররা টার্মিনালে ঢুকে পড়লেও প্রতিবেদনটি জায়গামতো পৌঁছাবে। সুইফটের মাধ্যমে প্রতিদিন কয়েক ট্রিলিয়ন ডলারের আন্তব্যাংক লেনদেন হয়। কিন্তু চলতি বছর বাংলাদেশ ও অন্যান্য চুরির ঘটনা প্রকাশ পাওয়ায় এর ওপর আস্থার সংকট তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরিতে ব্যবহার করা ভুয়া আদেশ ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে সুইফট।