ডিসেম্বরে আরেক দফা বেড়েছে মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্জিকা বর্ষ অনুযায়ী ২০১২ সালের বার্ষিক গড় মূল্যস্ফীতির হার আগের বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০১২ সাল শেষে এই গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। আর ২০১১ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ১১ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থার মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, পরিচালক সত্যরঞ্জন মণ্ডল, উপমহাপরিচালক মিজানুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত ডিসেম্বর মাসে দুই ভিত্তি বছরেই মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। ২০০৫-০৬ ভিত্তি বছর ধরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। নভেম্বর মাসে এই হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে ১৯৯৫-৯৬ ভিত্তি বছরে ডিসেম্বর মাসে এই হার ৭ দশমিক ৬৯ শতাংশ। গোলাম মোস্তফা কামাল বলেন, ‘প্রচলিত ধারণা অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়তে পারে। তবে বিবিএসের হাতে তথ্য-উপাত্ত না আসা পর্যন্ত আগাম কিছু বলা মুশকিল।’ তবে তিনি মনে করেন, গড় মূল্যস্ফীতি প্রায় অর্ধেকে নামিয়ে আনা এই সরকারের অন্যতম সাফল্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসওয়ারি ভিত্তিতে অর্থাৎ ২০১২ সালের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে খাদ্যসামগ্রী উপখাতে দশমিক ৩৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে। ডিসেম্বর মাসে প্রধানত চাল, আটা, ডাল, মাছ-মাংস, মসলা, তেল ও দুধের দাম বেড়েছে। একইভাবে খাদ্যবহির্ভূত উপখাতে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ৩৮ শতাংশ। মূলত পরিধেয় বস্ত্র, আসবাবপত্র ও গৃহস্থালী, পরিবহন, শিক্ষা উপকরণ, সেবাসহ বিভিন্ন খাতের মূল্যবৃদ্ধি হয়েছে। বিবিএসের হিসাব মতে, ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে গত ডিসেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। এর আগের মাসে এই হার ছিল ৭ দশমিক ৪১ শতাংশ। আর ২০০৫-০৬ ভিত্তি বছরে ডিসেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ। ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে গত ডিসেম্বর মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ। আর এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ। একইভাবে ২০০৫-০৬ ভিত্তি বছরে ডিসেম্বর মাসে এই উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ। নভেম্বরে ছিল ১০ দশমিক ৬৮ শতাংশ। একইভাবে দুই ভিত্তি বছরেই ডিসেম্বর মাসে গ্রামের চেয়ে শহর এলাকার মানুষের ওপর মূল্যস্ফীতি চাপ বেশি পড়েছে। ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার নয় শতাংশ। আর গ্রামে এই হার ৭ দশমিক ১৭ শতাংশ। এদিকে ২০০৫-০৬ ভিত্তি বছরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৯ দশমিক ০৪ শতাংশ। আর গ্রামে এই হার ৬ দশমিক ১৭ শতাংশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি জানুয়ারি মাস থেকে শুধু ২০০৫-০৬ ভিত্তি বছর ধরেই মূল্যস্ফীতির হার নির্ণয় ও প্রকাশ করা হবে। ১৯৯৫-৯৬ ভিত্তি বছরের অর্থাৎ আগের হিসাবের মূল্যস্ফীতির উপাত্ত আর প্রকাশ করা হবে না।