ডিসেম্বরে কলকাতা পথে নভোএয়ারের উড্ডয়ন শুরু

আন্তর্জাতিক পথে নতুন আরেকটি গন্তব্যে উড্ডয়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশি মালিকানাধীন বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনের পর এবার ঢাকা ও চট্টগ্রাম থেকে কলকাতার পথে বিমান উড্ডয়ন শুরু করা হবে। আগামী ১ ডিসেম্বর ঢাকা থেকে কলকাতা এবং ১৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কলকাতার পথে উড়তে শুরু করবে সংস্থাটির বিমান।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক হাসিবুর রশীদ এবং অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও ভ্রমণবিষয়ক সাময়িকী মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা-কলকাতা-ঢাকা পথে সপ্তাহে চার দিন এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম পথে তিন দিন বিমান পরিচালনা করা হবে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার বেলা ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। কলকাতা থেকে ফিরতি যাত্রার সময় বিকেল ৪টা। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম পথে চলবে সোম, বুধ ও শনিবার।
সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন গন্তব্যে যাত্রা উপলক্ষে শুরুতে ঢাকা-কলকাতা-ঢাকা পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম পথে এ ভাড়া হবে ১১ হাজার ৫৫৫ টাকা। সংস্থাটি বলছে, ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে সপ্তাহের সাত দিনই কলকাতা পথে বিমান পরিচালনা করা হবে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক পথে নতুন গন্তব্য নির্ধারণের ক্ষেত্রে সংস্থাটি সুচিন্তিতভাবে ধীরে চলো নীতিতে এগোচ্ছে। আন্তর্জাতিক পথে অনেক বড় বড় প্রতিযোগী রয়েছে। তাই নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা যথাযথভাবে যাচাই-বাছাই করে আন্তর্জাতিক পথে নতুন গন্তব্য নির্ধারণ করা হচ্ছে বলে তিনি জানান।
মফিজুর রহমান আরও জানান, কলকাতা পথে বিমান চালু করতে গিয়ে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে। কারণ কিছু জটিলতা দেখে দেয়, যা পরবর্তী সময়ে আইনগতভাবে সমাধান করতে হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশীয় বেসরকারি বিমান সংস্থা হিসেবে যেকোনো গন্তব্যে যাত্রা শুরুর আগে সেটির ব্যবসায়িক ও প্রতিযোগিতার দিকটি খতিয়ে দেখা দরকার। তা না হলে মাঝপথে গিয়ে ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়তে হয়। এ খাতে দ্রুত ব্যবসা প্রসারের সুযোগ কম। অতীতে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া দ্রুত ব্যবসা ও গন্তব্যের প্রসার ঘটাতে গিয়ে দেশীয় অনেক বিমান সংস্থা বন্ধ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের কাঠমান্ডু গন্তব্যে নভোএয়ারের উড্ডয়ন শুরু প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগির এ পথেও উড্ডয়ন শুরু করা হবে।
২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ পথে উড্ডয়নের মাধ্যমে যাত্রা শুরু করে নভোএয়ার। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে ইয়াঙ্গুন দিয়ে শুরু হয় আন্তর্জাতিক পথের যাত্রা।