ডিসেম্বরে খেলাপি ঋণের হার কমেছে
শতকরা হার বিবেচনায় গত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেশ খানিকটা কমে এসেছে। তবে পরিমাণের দিক থেকে এ সময় খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রস্তুত করা ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ‘শ্রেণীকৃত ঋণ ও প্রভিশনিং’ প্রতিবেদনের সঙ্গে আগের বছরের একই সময়ের তুলনায় এ হিসাব পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে, দেশে খেলাপি ঋণের পরিমাণ ২০১০ সালের ডিসেম্বর শেষে হয়েছে ২২ হাজার ৭০৯ কোটি টাকা, যা এ সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের স্থিতি তিন লাখ ১২ হাজার ২০৯ কোটি ২৯ লাখ টাকার ৭ দশমিক ২৭ শতাংশ। আর এক বছর আগে অর্থাৎ ২০০৯ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি ২৩ লাখ টাকা। ওই সময় খেলাপি ঋণের হার ছিল ৯ দশমিক ২১ শতাংশ। এ হিসেবে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২২৭ কোটি টাকা। অন্যদিকে খেলাপি ঋণের হার কমেছে প্রায় দুই শতাংশীয় পয়েন্ট। তবে বর্তমানে নিট হিসাবে খেলাপি ঋণ হয়েছে তিন হাজার ৭৫৬ কোটি ৩২ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ২৮ শতাংশ। ২০০৯ সাল শেষে নিট হিসাবে খেলাপি ঋণ ছিল তিন হাজার ৮৯২ কোটি ৯২ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ১ দশমিক ৭৩ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক মনে করে মোট খেলাপি ঋণ থেকে সংরক্ষিত প্রভিশন (ঋণের নিরাপত্তা সঞ্চিতি) ও স্থগিত সুদ (যা খেলাপিদের হিসাবে যুক্ত আছে) বাদ দেওয়ার পর প্রাপ্ত নিট অঙ্কই প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ।২০১০ সাল শেষে ব্যাংক খাতে সংরক্ষিত প্রভিশন দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩২ কোটি ৩১ লাখ টাকা। আর স্থগিত সুদের পরিমাণ চার হাজার ৭২০ কোটি ৮৫ লাখ টাকা। এ দুই নিয়ে মোট ১৮ হাজার ৯৫৩ কোটি ১৬ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংক মোট হিসাব থেকে বাদ দিয়ে নিট খেলাপি ঋণের হিসাব করেছে।প্রসঙ্গত, বিধি অনুযায়ী স্বল্প মেয়াদি কৃষিঋণ ও ক্ষুদ্রঋণ ছাড়া বাকি বিভিন্ন ধরনের ঋণের ক্ষেত্রে অশ্রেণীকৃত ঋণে এক শতাংশ, নিম্নমান ঋণে ২০ শতাংশ, সন্দেহজনক পর্যায়ের ঋণে ৫০ শতাংশ এবং মন্দ পর্যায়ের শ্রেণীকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১০০ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়। এ ছাড়া স্বল্প মেয়াদি কৃষিঋণ ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অশ্রেণীকৃত, নিম্নমান ও সন্দেহজনক ঋণে পাঁচ শতাংশ এবং মন্দ পর্যায়ের ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখার বিধান আছে। আবার স্পেশাল মেনশন অ্যাকাউন্টে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস পরে পাঁচ শতাংশ হারে, ভোগ্যপণ্যেও পাঁচ শতাংশ হারে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে দুই শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়। অন্যদিকে কোনো ঋণ নিম্নমান পর্যায়ে পৌঁছালে তার বিপরীতে সুদকে আর আয় খাতে দেখানো যায় না। কিন্তু খেলাপি গ্রাহকের মোট ঋণ হিসাব করতে গেলে এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) এই স্থগিত সুদ যুক্ত করা হয়।বাংলাদেশ ব্যাংকের মত হলো, যেহেতু প্রভিশন সংরক্ষণ করা হয় এবং স্থগিত সুদ ব্যাংকের আয় হিসাবে নেওয়া হয়নি তাই এ দুটি হিসাব বাদ দিয়েই খেলাপি ঋণের প্রকৃত হিসাব করা যুক্তিযুক্ত। তবে একই সঙ্গে ব্যাংক খাতে ৬৮৮ কোটি ৯২ লাখ টাকার প্রভিশন ঘাটতিও রয়েছে। যার মধ্যে কেবল আইসিবি ইসলামী ব্যাংকের ৩০৩ কোটি টাকা ও কৃষি ব্যাংকের ৬০৮ কোটি টাকার সর্বাধিক ঘাটতি রয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন তথ্যে দেখা যায়, গত এক বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটোই কমেছে। অন্যদিকে বেসরকারি, বিদেশি এবং বিশেষায়িত ব্যাংকে সামগ্রিকভাবে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৭৫৭ কোটি টাকা ২৬ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ৬৮ হাজার ৭০২ কোটি ৪৮ লাখ টাকার ঋণের ১৫ দশমিক ৬৬ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোতে গত বছর খেলাপি ঋণ খানিকটা বাড়ে। আর এর প্রভাবে বাড়ে সামগ্রিকভাবে ব্যাংক খাতের খেলাপি ঋণও। প্রাপ্ত তথ্য অনুসারে, বেসরকারি ৩০ ব্যাংকে ২০১০ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ছয় হাজার ৪৩০ কোটি ৩৭ লাখ টাকা, যা ব্যাংকগুলোর বিতরণ করা দুই লাখ চার হাজার ৪৪২ কোটি ২২ লাখ টাকা ঋণের তিন দশমিক ১৫ শতাংশ। রাষ্ট্র খাতের পাঁচ বিশেয়ায়িত ব্যাংকেও পরিমাণগত দিক থেকে খেলাপি ঋণ বেশ খানিকটা বেড়েছে। বছর শেষে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ হয়েছে চার হাজার ৯৬৮ কোটি ৮৫ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ২০ হাজার ৫৭৮ কোটি ১৫ লাখ টাকা ঋণের ২৪ দশমিক ১৫ শতাংশ। বিদেশি নয় ব্যাংকে ২০১০ সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৫৫৩ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ১৮ হাজার ৪৮৬ কোটি ৪৪ লাখ টাকার ঋণের ২ দশমিক ৯৯ শতাংশ।