ডিসেম্বরে ঢাকায় বসছে প্রথম পিপিপি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ঢাকায় প্রথমবারের মতো বৈশ্বিক বিনিয়োগ-কারীদের সম্মিলন বসছে।‘সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বৈশ্বিক বিনিয়োগকারী ফোরাম: বাংলাদেশ ২০১২’ শীর্ষক এ আয়োজন চলবে দুই দিনব্যাপী। আগামী ৭ ও ৮ ডিসেম্বরে অনুষ্ঠেয় এ উদ্যোগের আয়োজক যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) এবং পিপিপি কার্যালয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই ফোরামের উদ্বোধন করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি। বাংলাদেশের যোগাযোগ খাতের সড়ক, রেল, সেতু ও বন্দর; জ্বালানি; পানি ও বর্জ্য ব্যবস্থাপনা; হোটেল ও পর্যটন; হাসপাতাল; অর্থনৈতিক অঞ্চল ও আবাসন খাতে পিপিপির ভিত্তিতে বিনিয়োগের সুযোগ থাকার নানা দিক এতে তুলে ধরা হবে।যাত্রাবাড়ী-সুলতানা কামাল সেতু-তারাব পিপিপি রোড; চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে পৃথক হেমোডায়ালিসিস কেন্দ্র স্থাপন; হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ পিপিপি রোড; মিরপুরে উপশহর স্থাপন; মিরপুর রোডে বিভাজক তৈরিসহ সম্ভাব্য আরও প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ফোরামে কিছু উপস্থাপনা করবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্লিনারি অধিবেশনে বিশ্বের খ্যাতনামা পিপিপি প্রকল্প বাস্তবায়নকারীরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। এ ছাড়া পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আফসর এইচ উদ্দিন সম্মেলনে পিপিপি প্রকল্পের জন্য সরকার প্রণীত আইনি দিকগুলো তুলে ধরবেন। অর্থ বিভাগের পিপিপি ইউনিটের উপসচিব ফারুক হোসেন তুলে ধরবেন অর্থায়ন-সম্পর্কিত বিষয়গুলো। ফোরামের জন্য তৈরি করা অবস্থানপত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি হলো ব্যাঘ্র অর্থনীতি। গত তিন দশকে তার প্রমাণ দেখা গেছে। বিশ্বমন্দার সময়সহ গত পাঁচ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে থাকছে।পিপিপি কার্যালয় সূত্র জানায়, ফোরামে যোগ দিতে প্রতিদিন নিবন্ধন বাড়ছে। এ পর্যন্ত ২৪টি বিদেশি বিনিয়োগকারী-প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। উদ্যোক্তা, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, পেশাগত উপদেষ্টা ও পরামর্শক, আন্তর্জাতিক অর্থায়নকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাণিজ্যিক ঋণদাতারা ২৫ নভেম্বর পর্যন্ত ফোরামে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন।পিপিপি কার্যালয়ের সিইও সৈয়দ আফসর এইচ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পিপিপি প্রকল্প আকর্ষণে একটি বৈশ্বিক আয়োজন করা হচ্ছে।’ এতে সত্যিই কিছু ফল পাওয়া যাবে বলে তিনি খুবই আশাবাদী।