ডিসেম্বরে নতুন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকেরা
পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। ন্যূনতম মজুরি হিসেবে শ্রমিকেরা পাঁচ হাজার ৩০০ টাকাই পাবেন। বার্ষিক প্রণোদনা বাড়বে মূল মজুরির ৫ শতাংশ। এক বছর কর্মরত থাকা সাপেক্ষে শ্রমিকদের ক্ষেত্রে এটি কার্যকর হবে।
গতকাল বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এসব কথা জানান। তিনি আজ শুক্রবার থেকে কাজে যোগদানের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
শ্রমিকদের মজুরি নির্ধারণের পাশাপাশি মজুরিকাঠামোতেও পরিবর্তন এনেছে শ্রম মন্ত্রণালয়। শ্রমিকদের ২৬ কর্মদিবসের জন্য খাদ্য ভাতা ২৫ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। মজুরি বৃদ্ধির হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ। আগে সর্বনিম্ন মজুরি ছিল তিন হাজার টাকা। এখন তা বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ড শ্রমিকদের জন্য মূল মজুরি তিন হাজার ২০০ টাকা প্রস্তাব করেছিল। তবে তা কমিয়ে তিন হাজার টাকা করা হয়েছে। আর বাড়ি ভাড়া এক হাজার ২০০ টাকা, চিকিৎসা ভাতা ২৫০, যাতায়াত ভাতা ২০০ এবং খাদ্য ভাতা ৬৫০ টাকা করা হয়েছে।
বৈঠকে শ্রমসচিব মিকাইল শিপার জানান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পোশাকশিল্পের মালিকেরা মজুরি বোর্ডের সুপারিশ মেনে নিয়েছেন। প্রধানমন্ত্রী পোশাকশিল্পের মালিকপক্ষের নেতাদের বলেছেন, তাঁদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো তিনি দেখবেন। গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রম মন্ত্রণালয় ও পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে পোশাক কারখানার মালিকেরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা দিতে রাজি হয়েছেন। অন্যদিকে মালিকেরা উৎসে কর হ্রাসসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে যেসব দাবি করেছেন, সে সম্পর্কে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে এসে সিদ্ধান্ত নেবেন বলে বৈঠকে জানানো হয়েছে।
পুরো পরিস্থিতি তুলে ধরে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড কয়েক দফা বৈঠক করে মজুরির বিষয়ে সিদ্ধান্তে আসে। শ্রমিকেরা ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবি তোলেন। আর মালিকপক্ষ চার হাজার ২০০ টাকার বেশি দিতে রাজি হচ্ছিল না। প্রস্তাবিত পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির মধ্যে মূল বেতন ধরা হয়েছে তিন হাজার ২০০ টাকা।
বৈঠকে মন্ত্রী শ্রমিকনেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখন থেকে কাজ শুরু করেন। নতুন করে কোনো ষড়যন্ত্র যেন না হয়। কেউ যদি কিছু করেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। মালিকেরাও যদি করেন, তাহলে তাঁদেরও ছাড় দেওয়া হবে না।’ শ্রম আইন অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করে দেন তিনি।
গতকালের বৈঠকে ৫৫টি শ্রমিক সংগঠনের নেতাদের ডাকা হলেও তাতে অধিকাংশ সংগঠন যোগ দেয়নি। গতকালের এই বৈঠকের বিষয়ে অনেক সংগঠন কিছু জানে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
তোপের মুখে বিজিএমইএর নেতারা: নতুন মজুরি প্রস্তাব মেনে নেওয়ায় বিজিএমইএর নেতারা সদস্যদের তোপের মুখে পড়েছেন। সূত্র জানায়, গতকাল সকাল থেকেই অনেক সদস্য বিজিএমইএর কার্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন। কিসের ভিত্তিতে প্রস্তাবিত মজুরি বিজিএমইএ ও বিকেএমইএ মেনে নিল, সেটি নেতাদের কাছে তাঁরা জানতে চান। সুযোগ-সুবিধা আসতে পারে—এমন আশ্বাস দিয়েও কারখানার মালিকদের শান্ত করতে পারেননি নেতারা।
পরে বিকেলে সমিতির বোর্ডসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের পরিচালকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে একাধিক পরিচালক মজুরি প্রস্তাব মেনে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সমিতির সভাপতি ও সহসভাপতিদের সমালোচনাও করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম জানান, সারা দিনে প্রায় ১০০-১৫০ সদস্য কার্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, সদস্যদের ক্ষোভের জায়গা আছে। কারণ, হঠাৎ করে এত মজুরি অনেকেই দিতে পারবেন না। প্রায় একই ধরনের কথা বলেন সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
এদিকে, গতকাল নিম্নতম মজুরি আট হাজার টাকা করা, রেশন প্রথা চালু, কম খরচে আবাসন ব্যবস্থা এবং বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, সহসভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক ও দপ্তর সম্পাদক সাহিদা পারভীন উপস্থিত ছিলেন।