>

দেশের চালের বাজার কয়েক মাস ধরেই চড়া। শুল্ক কমিয়ে দেওয়া, আমদানির উদ্যোগ ও বেসরকারি খাতে আমদানির কারণে মোটা চালের দাম কিছুটা কমলেও মাঝারি ও সরু চালের বাজার আছে আগের মতোই। বিভিন্ন জেলায় বন্যা চালের বাজার নিয়ে নতুন করে ভীতি ছড়াচ্ছে। মূল্যবৃদ্ধির তালিকায় যোগ হয়েছে পেঁয়াজ, এক মাসে দ্বিগুণ হয়ে গেছে নিত্যপ্রয়োজনীয় এ পণে্যর দাম। চাল ও পেঁয়াজের বাজার, আমদানি পরিস্থিতি ও সরবরাহ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটভিত্তিক চাল আমদানিকারক পেঁয়াজ আমদানিকারক মো. মাজেদ।
কৃষি মার্কেটের আড়ত মেসার্স খুলনা রাইস এজেন্সির মালিক শরিফুল ইসলাম ২৭ বছর ধরে চালের ব্যবসা করছেন। পাইকারি বিক্রির পাশাপাশি তিনি চাল আমদানিও করেন। রাজধানীর সবচেয়ে বড় কৃষিপণ্যের বাজার শ্যামবাজারের বড় আমদানিকারকদের একজন মো. মাজেদ। তিনি পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে রসুন, আদা ও অন্যান্য পণ্য আমদানি করেন। গত কয়েক মাসে তিনি প্রচুর পেঁয়াজ আমদানি করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ
প্রথম আলো: অল্প কিছুদিনের মধ্যেই ৩০ টাকা কেজির পেঁয়াজ ৬৫ টাকা হয়ে গেল। গত কয়েক দিনের বাজার পরিস্থিতি কী?
মো. মাজেদ: গত বুধবার শ্যামবাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৪০-৪২ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৭-৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগের তুলনায় এখন ভারতীয় পেঁয়াজের দর কেজিপ্রতি প্রায় ১০ টাকা ও দেশি পেঁয়াজের দাম ৫ থেকে ৭ টাকা কমেছে।
প্রথম আলো: দাম কমার কারণ কী?
মো. মাজেদ: বিভিন্ন দেশ থেকে পাওয়া খবরের কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সবাই মনে করছে, পেঁয়াজের সরবরাহ অনেক বাড়বে। এ কারণেই দাম পড়তি।
প্রথম আলো: বলা হচ্ছে, ভারতের বাইরে মিসর থেকে পেঁয়াজ আমদানি করা হবে। মিসরের পেঁয়াজ কবে আসবে?
মো. মাজেদ: মিসর থেকে পেঁয়াজ বাংলাদেশে আসতে এক মাস পাঁচ দিন সময় লাগে। পেঁয়াজ কিনতে লাগে ১৫ দিনের মতো। সব মিলিয়ে মিসরের পেঁয়াজ দেশে আসতে পৌনে দুই মাস লাগবে। ওই দেশে যে দর চলছে, তাতে প্রতি কেজির খরচ পড়বে ৩৪ টাকা।
প্রথম আলো: তাতে খুচরা বাজারে মিসরের পেঁয়াজ কত দরে কিনতে পাওয়া যেতে পারে?
মো. মাজেদ: সেটা ৫০ টাকার কাছাকাছি হতে পারে। অবশ্য কাঁচামালের বাজারের কথা বলা যায় না। দেখা গেল মিসর থেকে পেঁয়াজ আমদানি করতে গিয়ে তা পচে গেছে। ২০১৫ সালে আমি মিসর থেকে ৯০০ টন পেঁয়াজ এনে প্রায় ৮০ লাখ টাকা লোকসান দিয়েছি।
প্রথম আলো: মিসরের বাইরে অন্য কোনো দেশ থেকে কি পেঁয়াজ আমদানির সুযোগ আছে?
মো. মাজেদ: চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আনা যায়। তবে চীনের পেঁয়াজ আকারে বড় ও ঝাঁজ কম। বাংলাদেশের বাজারে তা চলে না। পাকিস্তানের পেঁয়াজ ভালো। তবে এবার সেখানেও ঘাটতি আছে। আমি দুটি ঋণপত্র খুলেছিলাম। পরে দেখা গেল তাদের পেঁয়াজের মান এবার ভালো নয়। তারাও সরবরাহে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি করা যায়। তবে নৌকায় আনতে গিয়ে নষ্ট হয়ে যায়। ভারত থেকে আমদানি করলে কমপক্ষে ৭০ শতাংশ পেঁয়াজ ভালো থাকবে বলে আশা করা যায়। কিন্তু চীন, মিসর ও পাকিস্তান থেকে আনলে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে।
প্রথম আলো: ভারতের বাজারের অবস্থা কী?
মো. মাজেদ: ভারতে গত বুধবার প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২২-২৩ রুপি। এ পেঁয়াজ শ্যামবাজারে ৪১ টাকা কেজিতে বিক্রি করা যাবে, যা এখনকার দরের চেয়ে ৩-৪ টাকা বেশি। ভারত থেকে আমরা পেঁয়াজ আনতে পারব, তবে দাম হেরফের হতে পারে। ভারতের বেঙ্গালুরুর পেঁয়াজ এবার বৃষ্টির অভাবে ভালো হয়নি। এ ছাড়া গত বছর কৃষকেরা ব্যাপক লোকসান দিয়ে এবার আবাদ কমিয়ে দিয়েছিল। এ কারণেই এখন দাম চড়েছে।
প্রথম আলো: ভারতের কৃষিসচিব বলছেন আগামী মাসেই সেখানে দাম কমবে। কারণ অন্ধ্র প্রদেশের পেঁয়াজ উঠবে।
মো. মাজেদ: অন্ধ্র প্রদেশ আর বেঙ্গালুরু পাশাপাশি। সেখানকার পেঁয়াজ বাজারে আসছে। পরিমাণে কম।
প্রথম আলো: ভারতের খাদ্যমন্ত্রী পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য টনপ্রতি ৪৫০ ডলার নির্ধারণ করে দিতে বলেছেন। এটা হলে বাংলাদেশের বাজারে কী প্রভাব পড়বে?
মো. মাজেদ: এর প্রভাব পড়বে না, কারণ আমরা এর চেয়ে বেশি দামে আমদানি করছি। আজকেই আমি টনপ্রতি ৫০০ ডলারে ঋণপত্র খুলেছি।
প্রথম আলো: এখন দেশি পেঁয়াজের সরবরাহ কেমন?
মো. মাজেদ: আমার মনে হয়, মোট পেঁয়াজের ২০ শতাংশ এখনো আছে।
প্রথম আলো: সব মিলিয়ে পেঁয়াজের দাম কবে আগের মতো অবস্থায় যাবে?
মো. মাজেদ: আগামী ডিসেম্বরে। তখন দেশে নতুন পেঁয়াজ উঠবে, পাশাপাশি ভারতের মহারাষ্ট্রে নতুন মৌসুম শুরু হবে।
প্রথম আলো: ঈদুল আজহায় বাজার কেমন যাবে?
মো. মাজেদ: সেটা বলা কঠিন।
প্রথম আলো: আদা-রসুনের কী অবস্থা?
মো. মাজেদ: আদার সরবরাহ এখন কিছুটা কম। চীনের বাজারে দর কিছুটা বেশি। প্রতি টন ১ হাজার ৫০ ডলার চাচ্ছে। রসুনের দাম কম। চীনে পণ্যটি কম দামে পাওয়া যাচ্ছে।