ডিসেম্বরে বাতিল হবে পিএসআই পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) পদ্ধতি বাতিল করা হবে। আগামী ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, নতুন জনবল নিয়োগসহ শুল্ক বিভাগের ব্যাপক সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ করা হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ ছাড়া শুল্ক কর্তৃপক্ষের নিজস্ব ভ্যালুয়েশন ডেটাবেইস তৈরি না হওয়ায় পিএসআই ব্যবস্থা তুলে দেওয়ার সময় বারবার পিছিয়েছে।অর্থমন্ত্রী মুহিত আরও বলেন, পিএসআই পদ্ধতি বাতিল করার পর আমদানীকৃত পণ্যের শুল্কায়নের ক্ষেত্রে সমস্যা এড়াতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সফটওয়্যার পাঁচটি কাস্টমস হাউস ও ১০টি ল্যান্ড কাস্টমস স্টেশন স্থাপনের কাজ চলছে। এর আওতায় পণ্যের ঘোষণা থেকে শুরু করে খালাস পর্যন্ত তিনটি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে। এটি বাস্তবায়িত হলে বাণিজ্যের ব্যয় ও নানাবিধ বাধা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ২০১৩ সালের মধ্যেই দেশের প্রধান প্রধান শুল্ক ভবন ও শুল্ক স্টেশন এ পদ্ধতির আওতায় আসবে। এই পদ্ধতিতে আমদানীকৃত পণ্যের মূল্য তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে।