ডিসেম্বরে বিআইএর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচন আগামী ১০ ডিসেম্বর। সে অনুযায়ী কার্যকরী কমিটি সদস্যদের ভোটের পরদিন ১১ ডিসেম্বর বিআইএর সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।
সাধারণ বিমা (নন-লাইফ) ও জীবন বিমা মিলিয়ে দেশে বর্তমানে ৭৪টি বেসরকারি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে বিআইএর সদস্য ৭২। আর বিআইএর কমিটি ১৫ সদস্যবিশিষ্ট, যার মধ্যে জীবনবিমা থেকে সদস্য পাঁচ ও সাধারণ বিমা থেকে ১০। কমিটির মেয়াদকাল দুই বছর।
ইতিমধ্যে নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল। নির্বাচনে অংশ নিতে চাইলে ৯ নভেম্বরের মধ্যে বিআইএ কার্যালয় থেকে মনোনয়নপত্র নিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও ৯ নভেম্বর।
বিআইএ সূত্র জানায়, মনোনয়নপত্র বাছাই করা হবে ১১ নভেম্বরের মধ্যে। বৈধ মনোনয়নপত্র প্রকাশ করা হবে ১২ নভেম্বর। মনোনয়নপত্রের বিরুদ্ধে অভিযোগ থাকলে ১৬ নভেম্বরের মধ্যে নির্বাচনী বোর্ডের কাছে আপিল করা যাবে। ১৯ নভেম্বর হবে আপিলের ওপর শুনানি, এরপর তালিকা প্রকাশ হবে ২৩ নভেম্বর। ২৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। চূড়ান্ত মনোনয়ন প্রার্থীদের তালিকা প্রকাশের দিন ২৫ নভেম্বর।
১০ ডিসেম্বর কার্যকরী কমিটির সদস্য নির্বাচনের পর ফলাফলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ১৪ ডিসেম্বরের মধ্যে আপিল করা যাবে। আর ১১ ডিসেম্বর সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার পর অভিযোগ থাকলে আপিল করা যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে। ১৭ ও ১৮ ডিসেম্বর হবে আপিলের ওপর শুনানি এবং ১৮ ডিসেম্বরই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
বিআইএর নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন সদস্যের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ।
নিজামউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের বিমা খাতে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিআইএ। তাই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন।’
বিআইএর সংঘবিধি অনুযায়ী বর্তমানে একজন পরপর তিনবার সভাপতি হতে পারেন। আর সদস্য হতে পারেন চেয়ারম্যান, এমডি, পরিচালক এমনকি উপদেষ্টারাও।
জানতে চাইলে বিআইএ সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই আগামী কমিটিতে নতুন প্রজন্মের দায়িত্ববানেরা আসুক।’
ব্যাংক খাতে মালিক অর্থাৎ চেয়ারম্যানদের একটি সংগঠন রয়েছে, যার নাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এর বাইরে এমডিদের রয়েছে আরেকটি সংগঠন, যার নাম অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। বিমা খাতে এ রকম আলাদা সংগঠন নেই।
তবে শেখ কবির বলেন, আগে বিআইএর সভাপতি বিমা কোম্পানির এমডিরাই হতেন। চেয়ারম্যান হিসেবে তিনিই প্রথম যোগ দেন। ব্যাংক খাতের মতো ভবিষ্যতেও বিমা খাতে চেয়ারম্যান ও এমডিদের আলাদা সংগঠন হবে বলে তিনি মনে করেন।