মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চুক্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফরে গেলে দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হতে পারে।চুক্তিগুলো হবে ব্যাংকিং সম্পর্ক স্থাপন, উপকূলীয় জাহাজ চলাচল, সরাসরি আকাশ যোগাযোগ ও মৎস্য খাতে সহায়তাবিষয়ক। ইতিমধ্যে চুক্তিগুলোর খসড়া সমঝোতা স্মারক (এমওইউ) মিয়ানমারে পাঠানো হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।এসব চুক্তির খসড়া চূড়ান্ত করতে গতকাল বুধবার তিন দিনের সফরে মিয়ানমার গেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। ২৫ সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সফরকালে ফারুক খান মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী, স্পিকার, সীমান্ত ও শিল্প উন্নয়নমন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে মিয়ানমারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের দিক থেকেও একই রকমের তাগিদ রয়েছে। কারণ, আন্তর্জাতিক বাণিজ্যে দেশটি দীর্ঘদিন অনুপস্থিত ছিল। এখন নতুন করে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মিয়ানমার।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রাজিল থেকে চিনি, মালয়েশিয়া থেকে ভোজ্যতেল, ভিয়েতনাম থেকে চাল, তুরস্ক থেকে ডালের বাইরে ভারত, নেপাল ও ভুটানের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ। অথচ নিকটতম প্রতিবেশী মিয়ানমার থেকে কিছু পণ্য আমদানি করা গেলে খরচ কম পড়ত।কিন্তু দেশটির সঙ্গে কোনো ব্যাংকিং ও যোগাযোগ সম্পর্ক না থাকায় সুবিধাটি নিতে পারছে না বাংলাদেশ। মিয়ানমার থেকে বর্তমানে ঋণপত্র (এলসি) খুলে পণ্য আমদানি ও রপ্তানি করা যায় না।তবে বাংলাদেশের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক স্থাপনে মিয়ানমার সরকার তাদের দেশের একটি ব্যাংককে দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের পক্ষে কাজ করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।জানা গেছে, মিয়ানমারের সঙ্গে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি হলে নাফ নদের ওপর দিয়ে উভয় দেশের জাহাজ চলবে। মিয়ানমারের মুংডু থেকে সিটউয়ে (আকিয়াব) এবং বাংলাদেশের অংশে টেকনাফ থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত চলবে এসব জাহাজ। বর্তমানে টেকনাফ ও গুনদুমকে কেন্দ্র করে খুবই সীমিত আকারে দুই দেশের জাহাজ চলে।আবার আকাশ ও সড়কপথে মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের থাইল্যান্ড ও সিঙ্গাপুর ঘুরে যেতে হয়। তাই চট্টগ্রাম থেকে ইয়াঙ্গুন পর্যন্ত আকাশপথে যোগাযোগের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। পথটি হবে চট্টগ্রাম-ইয়াঙ্গুন-থাইল্যান্ড-চট্টগ্রাম। এছাড়া বাংলাদেশের রেলপথ চট্টগ্রামের দোহাজারী গিয়ে থেমে গেছে। অন্যদিকে মিয়ানমারের রেলপথ ইয়াঙ্গুন থেকে মিনবুতে এসে থেমে আছে। অথচ মাঝখানে মাত্র ১৫০ কিলোমিটারের ব্যবধান। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এফবিসিসিআই সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ মিয়ানমার থেকে ১৮ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে ১১ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আর এটি হয় টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজের আওতায়।