ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে
বিদায়ী বছরের শেষ মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ০৩ শতাংশ। যা গত নভেম্বরে ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ ও অক্টোবরে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
মূল্যস্ফীতির কমার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বছরই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না। জিনিসপত্রের দাম কম ছিল।
বিবিএসের তথ্য উপাত্ত অনুযায়ী, ডিসেম্বরে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত-উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে এ হার ৪ দশমিক ৪৯ শতাংশ। গত নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪১ শতাংশ ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩৩ শতাংশ ছিল।