ডিসেম্বরেই পূর্ণাঙ্গ ট্রানজিট বিধিমালার খসড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ডিসেম্বর মাসের মধ্যেই পূর্ণাঙ্গ ট্রানজিট বিধিমালার খসড়া তৈরি হচ্ছে। এই বিধিমালার মাধ্যমে ট্রানজিট ফি ও রুটগুলো নির্ধারণ করা হবে।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান। পূর্ণাঙ্গ ট্রানজিট বিধিমালা অনুসরণ করে ভারত, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হবে।তিনি জানান, ট্রানজিট বিধিমালার খসড়া তৈরির পর তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া খসড়ার ওপর মতামত নেওয়ার জন্য সেমিনারের আয়োজন করা হবে।চলতি অর্থবছর থেকে এনবিআর ট্রানজিট ও ট্রানশিপমেন্ট-সংক্রান্ত একটি বিধিমালা প্রণয়ন করে। পরে তা কিছুটা সংশোধন করে নৌপরিবহনের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালার আওতার বাইরে রাখা হয়েছে। নতুন করে পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়ন করা হলে বিদ্যমান বিধিমালা বাতিল করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দুটি পণ্যবাহী ভারতীয় জাহাজের ট্রানজিট মাশুল আদায় করতে গিয়ে বিপত্তি দেখা দেয়। পরে ব্যাংক গ্যারান্টির বিনিময়ে জাহাজ দুটি ছেড়ে দেওয়া হয়। আর এনবিআর ট্রানজিট মাশুল আদায়ের বিধিমালা সাময়িকভাবে স্থগিত করে।