ডিসেম্বরের মধ্যে ট্যানারি সরানোর আশা শিল্পমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সাভারের চামড়া শিল্পনগরীতে নেওয়া সম্ভব হবে বলে আশা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বড় ট্যানারিগুলোর কাজ সাভারে বেশ এগিয়েছে।

আজ শনিবার বিকেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত শিল্পনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী।

আমির হোসেন আমু বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণে দেরি হয়েছে। পরে তারা ১৮ কনটেইনার যন্ত্রপাতি ও উপকরণ এনেছে, যেগুলো সরকারের দেওয়া ‘স্পেসিফিকেশনের’ সঙ্গে মেলেনি। এ কারণে তা ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, সাভারে বড় ৬০টি ট্যানারির নির্মাণকাজ বেশ এগিয়েছে। আশা করা যায় চলতি বছরের মধ্যে ট্যানারিগুলোকে সেখানে নেওয়া যাবে।

হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি সাভারে নিতে কাজ করছে সরকার। গত শুক্রবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও নিজেরা করির শীর্ষস্থানীয় কর্মকর্তারা চামড়া শিল্পনগরী পরিদর্শন করে ডিসেম্বরের মধ্যে ট্যানারি হাজারীবাগ না ছাড়লে তা বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।