ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বিমা প্রতিষ্ঠানের হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জীবন বিমা প্রতিষ্ঠানের ব্যবসার হিসাব সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে এই হিসাব নির্দিষ্ট ছকে সংস্থাটির চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার আইডিআরএ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।আইডিআরএর সদস্য ছাঈদ আহমেদ খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সব জীবন বিমা প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০১২ সালের ব্যবসার হিসাব শেষ করতে হবে। এসব তথ্য আইডিআরএর নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করে ২০১৩ সালের ৩০ জানুয়ারির মধ্যে আইডিআরএর চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে বিমা আইন অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিমা আইন ২০১০-এর ৪৯ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।প্রজ্ঞাপনে ব্যবসার হিসাব জমা দেওয়ার জন্য আইডিআরএ ১৫টি বিষয়ের জন্য পৃথক ছক নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো: প্রথম বর্ষ ব্যবসা (চলতি বছরের নতুন পলিসি), কমিশন প্রদান, উন্নয়ন কর্মকর্তাদের বেতন বা রিলিজ, প্রশাসনিক ও অন্যান্য খরচ, নবায়ন প্রিমিয়াম, নবায়ন কমিশন, বিনিয়োগ, জীবন বিমা তহবিল, ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত ব্যাংক জমা, ব্যাংক ব্যালান্স, ক্যাশ ব্যালান্স, এজেন্ট ব্যালান্স, বকেয়া প্রিমিয়াম ব্যালান্স (নবায়ন) এবং অন্যান্য ব্যাখ্যা।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রথম বর্ষের ব্যবসার বিপরীতে ব্যাংক জমা অবশ্যই ২০১২ সালের মধ্যে হতে হবে। প্রতিবেদনে ২০১৩ সালের কোনো ব্যাংক জমার হিসাব উল্লেখ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।