ডিসেম্বরের মধ্যেই পুনঃ অর্থায়নের টাকা বাজারে চায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় পুনঃ অর্থায়নের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ডিসেম্বরের মধ্যে বাজারে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার দুপুরে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন তিনি।

আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করে সরকার। এর প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ইতিমধ্যে আইসিবিকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি ৬০০ কোটি টাকা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিএসইর সভাপতি বলেন, এটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তাই যাঁরা এর সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রয়োজন। এমনকি চলতি ডিসেম্বরের মধ্যে ওই সিদ্ধান্তের বাস্তবায়ন চান তাঁরা। এ জন্য প্রয়োজনে এ-সম্পর্কিত শর্ত শিথিলেরও অনুরোধ জানান তিনি। তিনি বলেন, শর্তের বেড়াজালে সরকারের এ ধরনের একটি ইতিবাচক পদক্ষেপ ভেস্তে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

এ ছাড়া ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের তদারকি কমিটি’তে ডিএসই ও সিএসইর প্রতিনিধি না থাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে বলে জানান ডিএসইর সভাপতি।

এ দিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে বিনিয়োগ গণনার ক্ষেত্রে ইক্যুইটি ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ডিএসইর পক্ষ থেকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান আহসানুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, ব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকের অনাদায়ী ক্ষতি (আনরিয়েলাইজড লস) প্রভিশনের বিষয়টি এক বছরে তিন কিস্তিতে করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অনুরোধ জানানো হয়েছে।

বিএসইসি সূত্রে জানা যায়, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য ৯০০ কোটি টাকা দিতে রাজি হয় বাংলাদেশ ব্যাংক। এর প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ইতিমধ্যে আইসিবিকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এই টাকা নিতে বিনিয়োগকারীদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়। এসব শর্তের জন্য তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

এসব শর্তের মধ্যে রয়েছে—ঋণের জামানত হিসেবে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক বা স্টক-ব্রোকারকে করপোরেট গ্যারান্টি প্রদান করতে হবে, ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকার) নিবন্ধন বাতিল করতে পারবে।