ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা চলছে
ঢাকায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলায় ১০০টি স্টল রয়েছে। এসব স্টলে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য প্রদর্শন ও প্রায়োগিক দিক প্রদর্শন করছে। দুধ, ডিমসহ খামারে উৎপাদিত পণ্যের পাশাপাশি পশুখাদ্য ও কীটনাশক প্রদর্শিত হচ্ছে। এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএইচসিএবি) প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য মেলাটি উন্মুক্ত রাখা হয়েছে। এ ছাড়া মেলা উপলক্ষে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ৩০টি বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল হাই, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এএইচসিএবির সভাপতি মোমিন উদ দৌলা, মহাসচিব সুলতান মাহামুদ প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম ও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক গোলাম হোসেন দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ ভালো করেছে, বাংলাদেশ এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ দেশ। গত তিন বছরে জাতীয় আয় এক-চতুর্থাংশ বেড়েছে। তিনি মত দেন, মৎস্য খাতে বাংলাদেশ ভালো করলেও ডেইরি খাতে ভালো করতে পারছে না। মৎস্য ও ডেইরি বা দুগ্ধ শিল্প খাতে উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণের সুদের হার কমানোর সুপারিশ করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।