ডেইরি নীতিমালা প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলার প্রথম দিনে গতকাল বিভিন্ন স্টল ঘুরে দেখেন দর্শনার্থীরা l প্রথম আলো
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলার প্রথম দিনে গতকাল বিভিন্ন স্টল ঘুরে দেখেন দর্শনার্থীরা l প্রথম আলো

দেশে কোনো ডেইরি নীতিমালা নেই। এর খসড়া করা হলেও দীর্ঘদিন থেকেই তা ঝুলছে। অর্থাৎ চূড়ান্ত নীতিমালা আর হচ্ছে না। ডেইরি খাতের ব্যবসায়ীরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সামনে দ্রুত ডেইরি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদও ডেইরি নীতিমালা প্রণয়নে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা এ দাবি জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর আয়োজক অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)।
আহকাবের সভাপতি এ কে এম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। মৎস্যসচিব মাকসুদুল হাসান খান ও আহকাব মহাসচিব এম নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
দেশে গবাদিপশু পালন ও পোলট্রি খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রদর্শনীতে দেশি-বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
শস্য উৎপাদন বেড়ে তিন কোটি টন ছাড়ালেও গবাদিপশু পালনের দিক থেকে বাংলাদেশ ৪৫ বছর আগের জায়গাতেই আছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, একসময় ২০ শতাংশ দুধের চাহিদা মেটানো হতো দেশের উৎপাদন থেকে, স্বাধীনতার এত বছর বছর পর সেটাও প্রায় আগের মতোই আছে। অর্থাৎ তেমন কোনো উন্নতি হয়নি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রী খামারি ও কৃষকদের উদ্দেশে বলেন, ‘গরু কিনতে আমরা সহজ শর্তে ঋণ দিচ্ছি। আপনারা তা গ্রহণ করুন।’
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে কৃষি সম্মেলনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। আর ডেইরি সম্মেলনের আয়োজন করছে অ্যাসোসিয়েশন। এটাই প্রমাণ করে যে এই খাতের অবস্থা কী।’
চাহিদার তুলনায় দেশে দুধ ও মাংসের ঘাটতি রয়েছে উল্লেখ করে মুহিত বলেন, আগামী তিন বছরের মধ্যেই এ ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, যাতে চাহিদার অন্তত অর্ধেক দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করা যায়।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দুধের দরকার বছরে ২৫০ হাজার টন। এ জন্য গরু পালনের মাধ্যমে একই সঙ্গে দুধ ও মাংসের চাহিদা পূরণের জন্য আমরা অঙ্গীকার করতে পারি। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে এবং গরুর মান ও জাতবৈচিত্র্যে মনোযোগী হতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গবাদিপশুর উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হননি। তিনি বলেন, ‘মুরগি ও মাছের উৎপাদন যেভাবে বাড়ানো সম্ভব, গবাদিপশুর ক্ষেত্রে সে ধরনের সুযোগ নেই।’
প্রতিমন্ত্রী ডেইরি নীতিমালা প্রণয়নের কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করা হবে বলে আশ্বাস দেন।
ডেইরি নীতিমালা প্রণয়নে অসন্তোষের পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়াতে খামারিদের এক অঙ্কের সুদে ব্যাংকঋণ পাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, দেশে উৎপাদন বাড়লে ভারত থেকে সাঁতরে গরু আসবে না।
প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে প্রতিদিন বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার হবে, যাতে উপস্থাপিত হবে ৪৬টি প্রবন্ধ। কাল শনিবার মেলার শেষ দিন।