ডেইলি বিস্টের সঙ্গে একীভূত হলো নিউজউইক
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউজউইক অন্যতম অনলাইন সংবাদপত্র ডেইলি বিস্টের সঙ্গে একীভূত হয়েছে বলে জানা গেছে। সাবেক ভ্যানিটি ফেয়ারের সম্পাদক টিনা ব্রাউন বলেন, ‘নিউজউইক ও ডেইলি বিস্ট একীভূত হয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো ও নতুন দুটি গণমাধ্যমকে একসূত্রে গেঁথেছে।’ টিনা ব্রাউন দুই বছর আগে ডেইলি বিস্টের অন্যতম স্বত্বাধিকারী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘নিউজউইক ও বিস্ট একীভূত হওয়ার মাধ্যমে একটি শক্তিশালী গণমাধ্যম মঞ্চ প্রতিষ্ঠা করেছে।’ ওয়াশিংটন পোস্ট পত্রিকার স্বত্বাধিকারী মিডিয়া গ্রুপের অন্যতম উদ্যোগ হিসেবে ১৯৩৩ সালে নিউজউইক সাময়িকী প্রতিষ্ঠিত হয়। ওয়াশিংটন পোস্ট এ বছরের শুরুর দিকে নিউজউইক ব্যবসায়ী সিডনি হারম্যানের কাছে বিক্রি করে দেয়।ডেইলি বিস্টের সঙ্গে একীভূত হওয়ার পর ‘দি নিউজউইক ডেইলি বিস্ট কোম্পানি’ নামের একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। যার অন্যতম স্বত্বাধিকারী সিডনি হারম্যান। আরেক স্বত্বাধিকারী হিসেবে রয়েছেন, ফক্সের সাবেক চেয়ারম্যান ব্যারি ডিলার।নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর সিডনি হারম্যান বলেছেন, তিনি নিউজউইককে আবার জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে চান।অর্থনৈতিক মন্দার সময়ে বিজ্ঞাপনের অর্থ কমে যাওয়ায় নিউজউইক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে। এর পাশাপাশি পাঠকেরা সাময়িকীর চেয়ে অনলাইন ওয়েবসাইটগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ায় এর বিক্রিও কমে যায় অনেকাংশে। বিবিসি অনলাইন।