ডেটা ও ইন্টারনেটের দাম কমিয়েছে বিটিসিএল
ডেটা ও ইন্টারনেট সেবার মূল্য পুনর্নির্ধারণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতি এমবিপিএসের জন্য ব্যান্ডউইটথ চার্জ মাসিক সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিটিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিসিএলের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেব্ল (আইটিসি), ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), ডেটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডেটা ও ইন্টারনেট সেবার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। পুনর্নির্ধারিত এ দামে উচ্চহারে ব্যান্ডউইটথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd এ লগইন করতে বলা হয়েছে।