ডেনমার্কের সঙ্গে বাণিজ্য প্রসারের সুযোগ আছে: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত
রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত

১৯৭২ সালে বাংলাদেশে ডেনমার্ক দূতাবাস যাত্রা শুরু করে। আর ডেনমার্কে বাংলাদেশের দূতাবাসের যাত্রা শুরু হয় গত বছরে। এত দিন পরে দূতাবাস খুললেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশে বাণিজ্যের প্রসার ঘটানোর অনেক সুযোগ আছে বলে মনে করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত (এম এ মুহিত)। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তিনি সেখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
পেশাদার কূটনীতিক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা মুহিত ডেনমার্কে দূতাবাস খোলার সিদ্ধান্তকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি ড্যানিশ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশি তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, ওষুধশিল্প, সিরামিক, আইটিসহ বিভিন্ন খাতে বাণিজ্য প্রসারের সুযোগ আছে বলে মনে করেন। ড্যানিশ বিনিয়োগকারীদের মাধ্যমে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতেও উন্নতির অপার সম্ভাবনা আছে। তাঁর মতে, আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণেই ড্যানিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে। কৃষি, পর্যটন, নির্মাণ খাতের মতো বিভিন্ন ক্ষেত্রেও দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। 

গত ১৯ মে ডেনমার্কের কোপেনহেগেনে এক রেস্টুরেন্টে বসে কথা হয় এম এ মুহিতের সঙ্গে। প্রথম আলোসহ বাংলাদেশের অন্য দুইটি গণমাধ্যমের প্রতিনিধিও তখন সেখানে উপস্থিত ছিলেন। আলাপচারিতায় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করে তাঁর কিছু স্বপ্নের কথা জানান। তবে নতুন যাত্রা শুরু করা দূতাবাসের জনবল ও বাজেট স্বল্পতা, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এম এ মুহিত ডেনমার্কের পাশাপাশি আইসল্যান্ড এবং এসতোনিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডেনমার্কের সবুজ শিল্পায়ন, এসতোনিয়ার আইটি এবং আইসল্যান্ডের মেরিন রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে দক্ষতা আছে তাকে কাজে লাগানোর বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। ডেনমার্কে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় মুহিত বলেন, এখানে সবচেয়ে বড় সুবিধা, বেশির ভাগ জনগণ ইংরেজিতে কথা বলে। ফলে ভাষা নিয়ে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ভাষা বোঝাতে না পারলে কাজের ক্ষেত্র অনেক সীমাবদ্ধ হয়ে যায়। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় দেশটি নেই। তারপরও দেশটি এ বিষয় নিয়ে চিন্তিত। জলবায়ু সংক্রান্ত বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের পাশে থেকেছে দেশটি। এটি সম্ভব হয়েছে শুধু কমিটমেন্টের কারণেই।
মুহিত বলেন, ডেনমার্কের মন্ত্রী, আমলা থেকে শুরু করে বেশির ভাগ মানুষ বাইসাইকেলে চলাচল করছেন। পরিবেশ ও স্বাস্থ্যের উন্নয়নের জন্যই ডেনমার্কে সাইকেলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট বাচ্চারা সাইকেলে করে স্কুলে যাচ্ছে। ঝড়, বৃষ্টির মধ্যে চলাচল করতে গিয়ে শিশুরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এতে করে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা অর্জন করছে। দেশটি বাইসাইকেলের জন্য আলাদা লেনই তৈরি করেছে। এ বিষয়গুলো বাংলাদেশও মাথায় রাখতে পারে। ডেনমার্কের এশিয়ান-নরডিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হ্যানরিক বাখ বাংলাদেশে তৈরি (ডেনমার্কে বাজারজাত করা) বি ফেয়ার সাইকেল তাঁকে উপহার দিয়েছেন। সে সাইকেলটি তিনি দূতাবাসে দুই দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে রেখে দিয়েছেন।
রাষ্ট্রদূত এম এ মুহিত জানালেন, নতুন দূতাবাস হিসেবে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা বা দ্বি-পাক্ষিক চুক্তি অনেক দূর অগ্রসর হয়েছে তা বলার সময় আসেনি। তবে এ ক্ষেত্রে দুই দেশের আন্তরিকতার অভাব নেই। তিনি জানালেন, ডেনমার্ক আগামী কয়েক বছরে বাংলাদেশ সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য, ঋণ ও তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে চায়। এ বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে তথ্যপ্রযুক্তি খাতও অগ্রাধিকার পাবে। এ পর্যন্ত প্রায় ৬০টি ড্যানিশ আইটি কোম্পানি (১৫ টির অফিস বাংলাদেশে) বাংলাদেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে।
এ ছাড়া গত বছরের অক্টোবরে ডেনমার্ক সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে ড্যানিশ কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন জানিয়েছিলেন, তৈরি পোশাক শিল্প খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ডেনমার্ক বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে। তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প-কারখানার কর্মপরিবেশ উন্নয়নেও সহায়তা অব্যাহত থাকবে।
ডেনমার্কের সবুজ শিল্পায়নের বিষয়টিকে গুরুত্ব দেন রাষ্ট্রদূত। দেশটি বায়ু ঘূর্ণনযন্ত্র (উইন্ড পাওয়ার) ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি খাতে যে অভূতপূর্ণ উন্নতি করেছে সে অভিজ্ঞতা ও দক্ষতাকে বাংলাদেশে কাজে লাগানো সম্ভব। দেশটি বর্তমানে মোট ইলেকট্রিসিটির ৩০ শতাংশই আসে বায়ু ঘূর্ণনযন্ত্রের মাধ্যমে। বৃষ্টির পানির ব্যবহার, অথবা টেপের পানিকে খাওয়ার উপযোগী করার যে পদ্ধতি সে ধরনের অভিজ্ঞতাকেও বাংলাদেশে কাজে লাগানো সম্ভব। বাংলাদেশে সবুজ শিল্পায়ন সংক্রান্ত ৭০টি কোম্পানি নিবন্ধন করেছে। বাংলাদেশের ১৪ সদস্য বিশিষ্ট একটি দল ডেনমার্ক সরকারের আমন্ত্রণে সবুজ শিল্পায়নের বিভিন্ন উদ্যোগ দেখে গেছেন। ডেনমার্কের রাস্তায় সিগন্যালে দাঁড়ালে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিচ্ছে যাতে জ্বালানি নষ্ট না হয়। ড্যানিশ সরকার এ ধরনের বিষয়ে গবেষণা অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করলেন রাষ্ট্রদূত।
ডেনমার্কে এই মুহূর্তে এক হাজার ৩৮৫ জন বাংলাদেশি বসবাস করছে বলে জানালেন এম এ মুহিত। দেশটির দেওয়া পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সেদেশে অবৈধ বাংলাদেশির সংখ্যা ৩২ জন। তবে তারা আসলেই বাংলাদেশি কি না তা নিশ্চিত হয়নি দূতাবাস। নিশ্চিত হওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।
পৃথিবীর সবচেয়ে সুখী এই দেশটি সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ‘এখানে নয় মাসই শীতকাল। দিন ছোট। মেঘলা। এ ধরনের আবহাওয়ায় অনেকে বিষণ্নতায় ভোগে। তবে আমার খারাপ লাগছে না। এখানে পারিবারিক বন্ধনকে গুরুত্ব দেওয়া হয়। নারীদের জন্যও দেশটি নিরাপদ।’