ডেনিম এক্সপোতে এবার অংশ নেবে ৫৮ প্রতিষ্ঠান
আগামী বাংলাদেশ ডেনিম এক্সপোতে ৫৮টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দেশি ১৮ ও বিদেশি ৪০টি প্রতিষ্ঠান আছে। আগামী ৮ ও ৯ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সপ্তম ডেনিম এক্সপো অনুষ্ঠিত হবে বলে।
প্রদর্শনীর আয়োজকেরা গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এবারের ডেনিম এক্সপোতে ৪২টি ডেনিম বা জিনস পোশাক তৈরির কাপড়ের মিল অংশ নেবে। এ ছাড়া পোশাক ও সুতা উৎপাদনকারী, ওয়াশিং ও লন্ড্রি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে থাকবে স্কয়ার ডেনিমস, আরগন ডেনিম, আম্বার ডেনিম, অনন্ত গ্রুপ, প্যাসিফিক জিনস লিমিটেড, বেক্সিমকো ডেনিম, বিটপী গ্রুপ, যমুনা গ্রুপ, ডেকো গ্রুপ, কাশেম টেক্সটাইল, মাহমুদ ডেনিম, নাসা তাইপে, শ্রুতি টেক্সটাইল, শাশা ডেনিমস, ভিটা টেক্সটাইল ইত্যাদি।
ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা মো. মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’ তিনি জানান, গত ছয়বারের চেয়ে এবারই সবচেয়ে বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।