ডেনিম ও জিনসের প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ডেনিম কাপড় ও জিনসের পোশাকের দুই দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হচ্ছে আজ বুধবার। এতে স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশের ডেনিম বা জিনস কাপড় ও জিনস পোশাক প্রস্তুতকারক এবং যন্ত্রপাতি ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ঢাকায় এই প্রদর্শনীর আয়োজন করছে ডেনিমসঅ্যান্ডজিনস ডট কম। ওয়েবসাইটটির স্বত্বাধিকারী হলো ভারতের বালাজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো বাংলাদেশে এ প্রদর্শনীর আয়োজন করছে।

আজ বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে আরও থাকবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়, বাংলাদেশের স্কয়ার ডেনিম, এনভয় টেক্সটাইল, যমুনা ডেনিম, সালেক টেক্সটাইল, আরগন ডেনিম, অ্যাপারেল জোন ওয়ার্ল্ড ওয়াইড, আর্করোমা, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার—এসব প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে।

এতে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান শ্রুতি ছাড়াও থাকবে ভারতের নয়টি, পাকিস্তানের পাঁচটি ও চীনের তিনটি প্রতিষ্ঠান। এ ছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ব্রাজিলের একটি করে প্রতিষ্ঠান প্রদর্শনীতে থাকছে।