ডেনিম প্রদর্শনী নভেম্বরে
আগামী ৮ ও ৯ নভেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘৫ম বাংলাদেশ ডেনিম এক্সপো’। ডেনিম পোশাকের এ প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা। এ প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠানের নামও ডেনিম এক্সপো।
দর্শনার্থীদের মধ্যে ক্রেতা, বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধি, প্রধান নির্বাহী, ক্রয় ব্যবস্থাপক ও উৎপাদকেরা থাকবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক ও চীন থেকে ডেনিম বিশেষজ্ঞরা ইতিমধ্যে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ডেনিম এক্সপোতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের এপ্রিলে ‘৪র্থ বাংলাদেশ ডেনিম প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছিল। এতে বিশ্বের ৪৩টি দেশ থেকে চার হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন। প্রদর্শনীটির এবারের সংস্করণে ১৬টি দেশের ৫৫টি কোম্পানি তাদের ডেনিম পণ্য প্রদর্শন করবে। এবারই প্রথম প্রদর্শকদের মধ্যে কমপক্ষে ১৬টি ডেনিম বস্ত্র উৎপাদনকারী মিল অংশ নেবে। বিজ্ঞপ্তি।