
দেশের ২৫টি প্রতিষ্ঠান বর্তমানে ৩৫০ কোটি মার্কিন ডলারের ডেনিম বা জিনস কাপড় রপ্তানি করে। আগামী পাঁচ বছরে এই রপ্তানি আয় দ্বিগুণ (৭০০ কোটি ডলার) করা সম্ভব। এ জন্য নতুন বিনিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংযোজন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও তাদের অধিকার নিশ্চিতের বিষয়ে জোর দিতে হবে উদ্যোক্তাদের।
রাজধানীর র্যা ডিসন হোটেলে গতকাল সোমবার বিকেলে ‘বাংলাদেশে ডেনিম এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ডেনিম এক্সপার্ট লিমিটেড প্রদর্শনীটির আয়োজন করেছে। দুই দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২৫টি ডেনিম ও জিনস উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেনিম এক্সপার্টের প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন জানান, বিশ্বে ছয় হাজার কোটি ডলারের ডেনিমের বাজার আছে। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সম্ভাবনাকে কাজে লাগাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁরা শ্রমিকদের কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেন।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধার জন্য টিকফা সই করেছি আমরা। তবে এটি বাংলাদেশের জন্য সুবিধা বয়ে আনেনি। এটার কোনো অর্থ নেই। তবে মিটিং আছে। মানে খালি মিটিং করব আমরা, কোনো কাজ হবে না।’
অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অর্বাট।