
পরপর তিনটি কাচের বয়াম। সেই বয়ামের প্রতিটির ভেতরে আস্ত জিনস প্যান্ট। পাশেই টাঙানো হয়েছে নানা ধরনের নকশার ও রঙের জিনস প্যান্ট। আছে ছেঁড়াফাটা জিনস। তবে সবই হাল ফ্যাশনের, বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রবেশ ফটকে পা দিতেই হাল ফ্যাশনের জিনসের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বাঁশ, কাঠ আর বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল। সেখানে ডেনিম কাপড় বা পোশাক প্রদর্শনের জন্য গাছের ডাল দিয়ে বানানো হয়েছে আলনা। ঘুরে ঘুরে ক্লান্ত দর্শনার্থীর বিশ্রামের জন্য আছে পাটের ও বেতের চেয়ার বা টুল। তার ওপর থাকা গদির কভারটি করা হয়েছে ডেনিম কাপড়ে।
ন্যাচারাল বা প্রাকৃতিক ডেনিম প্রতিপাদ্যটি এভাবেই প্রদর্শনীর ভেতরে-বাইরে ফুটিয়ে তোলা হয়েছে। আয়োজকদের কথা, বর্তমানে পানির ব্যবহার হ্রাস ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশদূষণ হ্রাস করে টেকসই ব্যবসার ওপর নজর দেওয়ার সময় এসেছে। সেটাই উদ্যোক্তাদের চোখে আঙুল দিয়ে দেখাতেই এমন আয়োজনের উদ্দেশ্য।

ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল মঙ্গলবার সকালে দুই দিনের এই প্রদর্শনী শুরু হয়েছে। এবার ডেনিম এক্সপোর পঞ্চম আসর চলছে। এতে বাংলাদেশসহ ১৫ দেশের ৫৪টি প্রতিষ্ঠান তাদের ডেনিম কাপড় ও পোশাক এবং বোতাম, জিপার, লেভেলসহ নানা সরঞ্জাম প্রদর্শন করছে। প্রদর্শনীতে আছে বাংলাদেশের ১২টি প্রতিষ্ঠান।
ডেনিম কাপড় উৎপাদনে বাংলাদেশ ধীরে ধীরে শক্ত অবস্থানে যাচ্ছে। বর্তমানে ২৫টি ডেনিম কাপড় উৎপাদনের কারখানা আছে। নতুন করে তিন-চারটি কারখানা উৎপাদনে আসবে শিগগিরই। কাপড়ের মান উন্নয়ন ও বৈচিত্র্যে আগের চেয়ে এখন ভালো করছে কারখানাগুলো। ফলে জি-স্টার, স্পিরিটের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড এখন বাংলাদেশ থেকেই ডেনিম কাপড় কিনছে। এত দিন তাদের পোশাক এখানকার কারখানায় তৈরি হলেও ডেনিম কাপড় অন্য দেশ থেকে আসত।
প্রদর্শনীতে অংশ নেওয়া আরগন ডেনিমের পরিচালক গওহর রব্বানী, স্কয়ার ডেনিমের মহাব্যবস্থাপক সাঈদ আহমাদ চৌধুরী ও শাশা ডেনিমের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল গতকাল এমন তথ্যই দিলেন। তাঁরা বললেন, জিনসের ফ্যাশন খুব দ্রুত পরিবর্তন হয়। সে জন্য এসব পোশাক ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে ‘লিডটাইম’ কম পাওয়া যায়। দেশের ভেতরেই কাপড়ের মিল থাকায় এই জায়গায় অগ্রগতি হয়েছে, ক্রয়াদেশ বাড়ছে।
অবশ্য পরিসংখ্যানও বলছে, বাংলাদেশ এগোচ্ছে। অবস্থান শক্ত হচ্ছে। ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের তথ্যানুযায়ী, গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে বাংলাদেশ থেকে ১৮ কোটি ৬৩ লাখ মার্কিন ডলারের ডেনিম পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে এই রপ্তানি আয় ৮ শতাংশ বা ১৩ কোটি ৮১ লাখ ডলার বেশি।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম। পরবর্তী চারটি অবস্থানে আছে তুরস্ক, পাকিস্তান, চীন ও তিউনিসিয়া। ইউরোস্ট্যাটের তথ্য, গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে বাংলাদেশ থেকে ৫৬ কোটি ৭৯ লাখ ইউরোর ডেনিম পোশাক ইইউতে রপ্তানি হয়েছে। গত বছরের প্রথম ছয় মাসে রপ্তানি হয়েছে ৫৩ কোটি ইউরো। তার মানে এবার রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ।

বাংলাদেশের অবস্থান শক্ত হলেও পোশাক কারখানাগুলোর ডেনিম কাপড়ের চাহিদার ৫০-৬০ শতাংশ এখনো আমদানি করতে হয়। সেই সুযোগে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভালোই ব্যবসা করছে। তেমনি একটি প্রতিষ্ঠান ভিচুনা। ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা, চীন ও পাকিস্তানে কারখানা আছে তাদের। ছয় বছর ধরে বাংলাদেশে ডেনিম কাপড় বিক্রি করছে তারা।
প্রদর্শনীতে আসা প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক অ্যাবডেলকাডের অ্যামিউচ জানালেন, বছরে ৫০ লাখ মিটার ডেনিম কাপড় বাংলাদেশে বিক্রি করেন তাঁরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত দুই বছরে বাংলাদেশে তাদের ব্যবসা বেড়েছে ৩০ শতাংশ।
গতকাল প্রদর্শনীর শুরুর দিকে ২০২১ সালে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি লক্ষ্য অর্জনের ব্যবসা কৌশল বিষয়ে একটি সেমিনার হয়। তার আগে বক্তব্য দেন বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন। তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশের ডেনিম পোশাক রপ্তানি ৭০০ কোটি ডলারে দাঁড়াবে।
বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছিরের সঞ্চালনায় ওই সেমিনারে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, টেকসই ব্যবসা করতে হলে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য আনতে হবে।