ডেনিমে সম্ভাবনা আছে, তবে...
দেশে বর্তমানে ডেনিম কাপড় তৈরির মাত্র ২৪-২৫টি কারখানা আছে। এদের বার্ষিক উৎপাদনক্ষমতা আড়াই থেকে তিন কোটি গজ। আমদানি করতে হয় আরও আড়াই থেকে তিন কোটি গজ কাপড়, যা কিনা অনেক দামি। তবে দেশের অধিকাংশ কারখানাই কম দামের ডেনিম কাপড় উৎপাদন করে। বর্তমানে যে ধরনের ডেনিম কাপড় তৈরি হচ্ছে, নতুন উদ্যোক্তারাও সেই কাপড় উৎপাদনে বিনিয়োগ করছেন। এ জন্য নতুন-পুরোনো উভয় উদ্যোক্তাই বিপদে পড়েন। ‘তাই আমরা যেসব কাপড় আমদানি করি, সেসব তৈরিতেই নতুন উদ্যোক্তারা বিনিয়োগ করলে সম্ভাবনা আছে। না হলে নেই।’ এমনটাই বললেন ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন। কারণ হিসেবে তাঁর কথা, বর্তমানে দেশে যে ধরনের কাপড় উৎপাদিত হচ্ছে, তা চাহিদার তুলনায় বেশি।
মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘জিনসে ওয়াশিংটা খুবই গুরুত্বপূর্ণ। এ জায়গাটায় বেশির ভাগ কারখানা পিছিয়ে। আসলে আমরা যা পারি না, সেটি করার দিকে যেতে হবে। না হলে আমরা পেছনেই পড়ে থাকব। সাধারণত ৪-৫, ৬-৭ ও ৮-৯ ডলারের মতো কম দামি প্যান্ট তৈরি করি আমরা। তাই ক্রেতারাও আমাদের ওই প্যান্টই তৈরি করতে দেন।’ তিনি বলেন, ‘ক্রেতারা আমাদের গলা চেপে ধরেন। কারণ, আমরা চাপ পছন্দ করি। আমাদের “না” করতে জানতে হবে।’