ডেনিমে স্বপ্নদর্শী এক উদ্যোক্তা
মাথায় রুমাল বাঁধা এক যুবক মগ্ন হয়ে জিনস প্যান্ট ওয়াশের কাজ করছেন। তাঁর দুই পাশে দাঁড়িয়ে তিন শ্রমিক মনোযোগ দিয়ে তা দেখছেন। কিংবা বিদেশে কোনো প্রদর্শনীতে জিনস নিয়ে হাজির তিনি। ক্রেতার সঙ্গে পণ্য নিয়ে কথা বলছেন। তাঁর স্টলে সব সময়ই দেখা যায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
যুবকটির ফেসবুকের পাতায় এ ধরনের ছবি নিয়মিতই আপলোড হয়। তাঁর নাম মোস্তাফিজ উদ্দিন। চট্টগ্রামের ডেনিম এক্সপার্ট লিমিটেড নামে জিনস প্যান্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক। তবে তিনি নিজেকে শুধু প্রতিষ্ঠানটির শীর্ষ পদের গণ্ডিতেই সীমিত রাখেননি, একই সঙ্গে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও পণ্য বিপণনের কাজটিও স্বচ্ছন্দে করে যাচ্ছেন।
চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে পাঁচটি প্লটের ওপর ডেনিম এক্সপার্টের দোতলা কারখানা। প্রতিটি তলার আয়তন ৭৪ হাজার বর্গফুট। শ্রমিক-কর্মকর্তা মিলে কারখানাটিতে কাজ করেন ১ হাজার ৭০০ জন। দিনে তৈরি হয় ১২ হাজার পিস জিনসের প্যান্ট। প্রতিষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে, ব্লুএক্সঅনলি নামে আছে তাদের নিজস্ব ব্র্যান্ড। নেদারল্যান্ডস, বেলজিয়াম, হাঙ্গেরি ও ইতালির বিভিন্ন বুটিক শপে এই ব্র্যান্ডের জিনস বিক্রি হয়। সব মিলিয়ে বছরে গড়ে ২ কোটি ৪০ লাখ ডলারের জিনস রপ্তানি করে ডেনিম এক্সপার্ট। এর মধ্যে ৬০ শতাংশ ব্লুএক্সঅনলি ব্র্যান্ডের। বাকি ৪০ শতাংশ বিদেশি ব্র্যান্ডের নামে রপ্তানি হয়।
মোস্তাফিজ গত সোমবার দুপুরে কয়েকজন সাংবাদিককে তাঁর পুরো কারখানাটি ঘুরিয়ে দেখান। প্রথমে কারখানার সামনের লম্বা পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়ে জানান, জিনসের কারখানায় ওয়াশিং খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য পার্কিংয়ের জায়গাটির নিচে পুরো অংশেই গড়ে তোলা হয়েছে বিশাল পানির ট্যাংক, যেখানে ৩ কোটি ২০ লাখ গ্যালন পানি সংরক্ষণ করা যায়। এই পরিমাণ পানি দিয়ে ২০ দিনের চাহিদা মেটানো সম্ভব। ট্যাংকটিতে বৃষ্টির পানিও সংরক্ষণ করা হয়।
ওয়াশিং ইউনিটে গিয়ে দেখা গেল বিশাল এক কর্মযজ্ঞ। দৈত্যাকার মেশিনে প্যান্ট ওয়াশিংয়ের কাজ চলছে। শ্রমিকেরা ডামির মধ্যে প্যান্ট রেখে ঘষে ঘষে নকশা করছেন। কয়েকজন করছেন পিপি বা রঙের কাজ। আছে লেজার মেশিনে নিখুঁত নকশা তৈরির ব্যবস্থা। একপর্যায়ে ইউনিটের একটি ছোট্ট কক্ষে গিয়ে দাঁড়ালেন মোস্তাফিজ। বললেন, ‘এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা। এখানেই সবচেয়ে বেশি সময় কাটাই।’ সেখানেই মোস্তাফিজ নিত্যনতুন নকশার জিনস উদ্ভাবনের কাজগুলো করেন বলে জানালেন কারখানার এক কর্মকর্তা।
ওয়াশিং ইউনিট থেকে বেরিয়ে কারখানার ভেতরে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) দেখাতে নিয়ে যান মোস্তাফিজ। পাশেই একটি ছোটখাটো পুকুর। মোস্তাফিজ বলেন, কারখানা পরিদর্শনে আসা লোকজন সহজে বিশ্বাস করতে চান না যে ইটিপি চালু আছে। তাই আমরা পুকুরে মাছ চাষ করেছি। কারখানার ব্যবহৃত পানি ইটিপি হয়ে পুকুরে গিয়ে পড়ে। মাছ বেঁচে আছে, তাই ইটিপি চলছে না সেটি বলা যাবে না।
কারখানার দোতালায় সেলাই ইউনিট ঘুরিয়ে দেখান প্রতিষ্ঠানটির ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক আবু হায়দার কবির। সেখানে দেখা গেল, নারী-পুরুষ শ্রমিকেরা ১৪ লাইনে একের পর এক প্যান্ট সেলাই করে যাচ্ছেন। প্রত্যেক লাইনে ৩৬টি মেশিন। একেক লাইনে ঘণ্টায় ১০০-১২০টি প্যান্ট তৈরি হয়। এসব তথ্য দিয়ে কবির বললেন, ‘অধিকাংশ কারখানায় এক লাইনে ৬৫ মেশিন থাকে। তবে আমাদের কম মেশিন হলেও উৎপাদন বেশি। অন্য কারখানার শ্রমিকদের উৎপাদনদক্ষতা গড়ে ৫০-৫৫ শতাংশ হলেও আমাদের শ্রমিকদের ৮০-৮৫ শতাংশ।’
এবার একটু পেছনে ফেরা যাক। মোস্তাফিজের আজকের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পথটুকু কিন্তু সহজ ছিল না। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করে ১৯৯৮ সালে দেশে ফিরে চট্টগ্রামের একটি বায়িং হাউসে মাত্র ৩০ ডলার বেতনের চাকরি নিয়ে কর্মজীবন শুরু করেন। এক বছরের মাথায় তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হন। তবে তাঁর স্বপ্ন ছিল আরও বড় হওয়া। ২০০১ সালে নিজেই প্রতিষ্ঠা করলেন একটি বায়িং হাউস। পাঁচ বছরের মাথায় নেদারল্যান্ডসের এক উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে কর্ণফুলী ইপিজেডে ডেনিম এক্সপার্ট কারখানা গড়ার কাজে হাত দেন মোস্তাফিজ। উৎপাদন শুরু হয় ২০০৯ সালে।
মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘আমার পরিবারের কেউ পোশাক ব্যবসায় ছিলেন না। কোনো মামা-চাচাও ছিলেন না। বিদেশি ক্রেতারা দেখেছি, আমাদের ব্যবসায়ীদের ছোট চোখে দেখেন। অসম্মান করেন, এমনকি ঠকান। দিনের পর দিন এসব দেখে নিজের ভেতর জেদ তৈরি হয়েছে। সেই জেদ থেকেই আমি পোশাকের ব্যবসায় এসেছি।’
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি কারখানা আর বড় করব না। তবে বর্তমানের লোকবল দিয়ে নতুন নতুন নকশার দামি পণ্য তৈরি করে বছরে ২ কোটি ৪০ লাখ ডলারের রপ্তানিকে ৪ কোটি ডলারে নিয়ে যেতে চাই।’
কারখানা মালিকের পাশাপাশি মোস্তাফিজের আরেকটি পরিচয় আছে। কয়েক বছর ধরেই তিনি ‘ডেনিম এক্সপো’ নামে একটি আন্তর্জাতিক প্রদর্শনীরও আয়োজন করে আসছেন। আসছে এপ্রিল মাসে পঞ্চম ডেনিম এক্সপো হবে ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৪টি দেশের ডেনিম ও জিনস প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নেবে।
কারখানা পরিদর্শন শেষে বিকেলে নগরীর খুলশীতে ডেনিম এক্সপার্টের কার্যালয়ে নিয়ে যান মোস্তাফিজ। সেখানে বসে জানান, বিদেশের সেসব প্রতিষ্ঠানকেই প্রদর্শনীতে সুযোগ দেওয়া হয়, যারা বাংলাদেশের প্রতিযোগী হবে না, বরং সহযোগী হবে। নিজেদের পণ্যের মান বাড়াতে পারবে। এ ছাড়া নতুন ক্রেতা তৈরির লক্ষ্যে বিখ্যাত ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও প্রদর্শনীতে নিয়ে আসা হয়।
গত বছর ছয়টি বিদেশি প্রদর্শনীতে অংশ নিয়েছেন মোস্তাফিজ। প্রত্যেক প্রদর্শনীতে নিজের স্টলে একটি লাল-সবুজ পতাকা রাখার বিষয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি আমার পণ্যের আগে আমার দেশের ব্র্যান্ডিংটা করতে চাই। এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বেশি পিছিয়ে।’