
বিশ্ববাজারে ভালো চাহিদা থাকার সুযোগ কাজে লাগিয়ে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে একটি শক্ত জায়গা করে নিয়েছে ডেনিম। এ খাত থেকে বছরে রপ্তানি হচ্ছে প্রায় ২০০ কোটি ডলারের পোশাক। রপ্তানি বাড়ছে প্রতিবছর ১৫-২০ শতাংশ হারে।
অবশ্য ডেনিম কাপড় উৎপাদনে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে বার্ষিক ছয় কোটি গজের চাহিদার বিপরীতে দেশীয় ২৫টি কারখানা জোগান দেয় তিন থেকে সাড়ে তিন কোটি গজ ডেনিম কাপড়। ফলে চাহিদা মেটাতে এ কাপড় আমদানি করতে হয়। এতে মূল্য সংযোজন কম হচ্ছে।
ঢাকায় গতকাল বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী ডেনিম ও জিনস প্রদর্শনীতে অংশ নেওয়া কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে এসব কথা বললেন। অন্যদিকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দুই অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও ঢাকা চেম্বারের সহসভাপতি হুমায়ুন রশীদ সম্ভাবনাময় ডেনিম খাতে উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।
র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকায় প্রদর্শনীটির আয়োজন করেছে ডেনিমসঅ্যান্ডজিনস ডট কম। ওয়েবসাইটটির স্বত্বাধিকারী ভারতীয় প্রতিষ্ঠান বালাজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের প্রদর্শনীর থিম ‘ডেনিম ইন ফ্যাশন’। স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশের ডেনিম কাপড় ও পোশাক প্রস্তুতকারক এবং যন্ত্রপাতি ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী ৩২টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর দুয়ার খোলে বেলা সোয়া এগারোটার দিকে। ছিমছাম পরিবেশে প্রতিটি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ডেনিম কাপড়ের পাশাপাশি ডেনিম পোশাক প্রদর্শন করছে।
দেশীয় প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল ২০০৮ সাল থেকে ডেনিম কাপড় উৎপাদন করে আসছে। বর্তমানে তাদের কারখানায় মাসে ৪৫ লাখ গজ ডেনিম কাপড় তৈরি হয়। এসব কাপড়ের অধিকাংশ চলে যায় দেশের বিভিন্ন পোশাক কারখানায়। ওই সব কারখানা জিনস প্যান্ট, জ্যাকেট, শার্ট, ব্যাগ ইত্যাদি তৈরি করে বিদেশে পাঠায়। তবে ৫-৭ শতাংশ কাপড় সরাসরি বিদেশে রপ্তানি করে এনভয় টেক্সটাইল। এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক রেজওয়ানুল করীম।
ডেনিম প্রদর্শনীতে অংশ নেওয়ার বিষয়ে রেজওয়ানুল করীম বলেন, এতে নতুন ক্রেতাদের দেখা মেলে। তাদের কাপড় পছন্দ হলে ক্রয়াদেশের বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়।
বস্ত্র ও পোশাক খাতের আরেক নামী-দামি প্রতিষ্ঠান স্কয়ার হবিগঞ্জে ডেনিম কাপড় উৎপাদনের কারখানা স্থাপন করেছে। সেখানে প্রাথমিক পর্যায়ে মাসে ১৫ লাখ গজ কাপড় উৎপাদন হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে কারখানাটির উৎপাদনক্ষমতা ৩০ লাখ গজে উন্নীত হবে।
এসব তথ্য দিয়ে স্কয়ার ডেনিমের উপব্যবস্থাপক দাউদ বিন জাফর বলেন, ‘আমরা বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি আমাদের ডেনিম কাপড় উপস্থাপন করি। তারা পছন্দ করলে সেটি তাদের নির্বাচিত দেশীয় কারখানাগুলোকে আমাদের কাছ থেকে কাপড় নিতে নির্দেশ দেয়। তবে আমরা ভবিষ্যতে সরাসরি রপ্তানি করব।’
স্কয়ার ডেনিমের এই কর্মকর্তা আরও বলেন, ‘ডেনিম বাজার বিশাল। যে যত বৈচিত্র্য আনতে পারছে, সে তত বড় বাজার ধরতে পারছে। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই। যেমন আমরা উল ও পাটের সুতা দিয়েও ডেনিম কাপড় তৈরি করছি।’
যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ডেনিম কারখানায় ডেনিম কাপড় উৎপাদনের পাশাপাশি ডেনিমের পোশাকও তৈরি হচ্ছে। মাসে তাদের উৎপাদন সক্ষমতা ১৭ লাখ গজ। এর মধ্যে ৬০ শতাংশ কাপড় দিয়ে নিজস্ব কারখানাতেই পোশাক তৈরি হয়। বাকি ৪০ শতাংশ যায় দেশের বিভিন্ন পোশাক কারখানায়। গ্রুপের মহাব্যবস্থাপক বাহজাদ আহমেদ জানালেন, তাঁদের কারখানায় জ্যাকেট, কোর্টের মতো দামি ডেনিম পোশাক তৈরি হচ্ছে।
প্রদর্শনীতে অংশ নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান নন্দন ডেনিম। প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশে ডেনিম কাপড় রপ্তানি করে। তারা বছরে মোট ১০ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদন করে, যার ৮০ শতাংশই সরবরাহ হয় ভারতের বিভিন্ন কারখানায়। বাকি ২০ শতাংশ সরাসরি রপ্তানি হয়।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক ডি কে জায়ন বলেন, ‘বাংলাদেশের পোশাক খুব ভালো। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পোশাক কেনেন। অনেক সময় এমন হয়, বাংলাদেশের কারখানা ভারত থেকে কাপড় এনে পোশাক বানিয়ে তা ভারতেই রপ্তানি করে। তাই বাংলাদেশ আমাদের জন্য সম্ভাবনাময় একটি বাজার।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের শীর্ষস্থান দখল করতে না পারার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘পোশাক রপ্তানিতে বাংলাদেশ গ্লোবাল প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে আছে। তবে এমন কোনো কারণ নেই যে আমরা প্রথম স্থান নিতে পারব না। চীন ব্যবসা থেকে সরে আসছে। আশা করছি সেই ব্যবসা আমাদের কাছে আসবে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সরকার গ্যাস-বিদ্যুৎ, যোগাযোগসহ অবকাঠামো খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। সম্প্রতি ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সারা দেশে ১০০টির মতো এসইজেড হবে।’ ডেনিম প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পোশাক কেনার পাশাপাশি বিনিয়োগ করুন। উন্নয়নের অংশীদার হোন।
ঢাকা চেম্বারের সহসভাপতি হুমায়ুন রশীদ বলেন, ‘২০২১ সালে বাংলাদেশের ডেনিম পোশাকের রপ্তানি দাঁড়াবে ৭০০ কোটি ডলারে। তখন ডেনিমের বৈশ্বিক রপ্তানি বাজারের ১২-১৩ শতাংশ চলে আসবে বাংলাদেশে। আশা করছি, ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করবেন। সরকার এসইজেড করছে। ফলে বিদ্যুতের সমস্যা থাকবে না। তা ছাড়া আমলাতান্ত্রিক জটিলতাও অনেক কমে গেছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদর্শনীর আয়োজক বালাজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্দীপ আগারওয়াল। প্রদর্শনীর পর্দা নামবে আজ সন্ধ্যায়।