ডেপুটি গভর্নর নিয়োগের সাক্ষাৎকার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে যোগ্য লোক নিয়োগের উদ্দেশ্যে আগামীকাল সোমবার আবারও সাক্ষাৎকার শুরু হচ্ছে। সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকা করে ১৭ জন প্রার্থীকে ডাকা হয়েছে। ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে ১২ জনই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা।
প্রথম দফায় সাক্ষাৎকার নিয়ে তিন প্রার্থীর নাম সুপারিশ করা হলেও সরকার তা গ্রহণ করেনি। এর মধ্যে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে দুজনকে তলব করে দুর্নীতি দমন কমিশন। পরে আবার অভিযোগ থেকে তাঁদের নিষ্পত্তি দেওয়া হয়। এর মধ্যে ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি দ্বিতীয় দফায় আবেদন আহ্বান করলে ৩৪ জন আবেদন করেন।
কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, আবেদনকারীদের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকাদের সোমবার সাক্ষাৎকার নেওয়া হবে। দুজনের বিষয়ে দুদকের অভিযোগ নিষ্পত্তি হওয়ায় তাঁদেরও ডাকা হয়েছে। চলতি মাসেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ১৫ মার্চ পদত্যাগ করেন গভর্নর আতিউর রহমান। একই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দুই ডিজিকে সরিয়ে দেয় সরকার। তখন থেকেই পদ দুটি শূন্য।
পরদিন ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকে ডিজি নিয়োগের জন্য পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়।