বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে নিয়োগের জন্য পাঁচজনের নাম সুপারিশ করেছে অনুসন্ধান বা সার্চ কমিটি। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের কাছে এ সুপারিশ জমা দেওয়া হয়েছে। সুপারিশের তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের চারজন কর্মকর্তা ও অন্য ব্যাংকের সাবেক এক কর্মকর্তার নাম। তবে সুপারিশ করা পাঁচজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে সার্চ কমিটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, বুধবারই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিটির সদস্যসচিব প্রতিবেদন জমা দিয়েছেন।
গত সোমবার ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেতে আগ্রহী ব্যক্তিদের সাক্ষাৎকার নেয় নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি। যাচাই-বাছাই করে ১৬ জনের মৌখিক সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে নয়জন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক, তিনজন সাবেক নির্বাহী পরিচালক ও চারজন সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা।
নিয়ম অনুযায়ী, সার্চ কমিটির সুপারিশ করা ব্যক্তিদের মধ্য থেকে যেকোনো একজনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁর নিয়োগ চূড়ান্ত করা হবে।
গত মার্চে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দুজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার। একই ঘটনায় পদত্যাগে বাধ্য হন তৎকালীন গভর্নর আতিউর রহমান। দুজন ডেপুটি গভর্নরের পদ খালি হলেও সরকারের পক্ষ থেকে আপাতত একজনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। নতুন একজনকে নিয়োগ দেওয়া হলে তিনি হবেন তৃতীয় ডেপুটি গভর্নর। এর আগে বাংলাদেশ ব্যাংকে একসঙ্গে সর্বোচ্চ চারজন ডেপুটি গভর্নর ছিলেন।
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ বলা হয়েছে, সরকার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে একের অধিক ব্যক্তিকে নিয়োগ দিতে পারবে। এক মেয়াদে একেকজনকে সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগের বিধান রয়েছে।
এদিকে গত সোমবার ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি সিটি ব্যাংকের বিতর্কিত এক সাবেক কর্মকর্তারও সাক্ষাৎকার নেয়। ওই কর্মকর্তা হলেন সিটি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুদ্দোজা চৌধুরী। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ১৫ তলাবিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করছিল সিটি ব্যাংক। যার মূল দায়িত্বে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। এ ঘটনায় ১০ লাখ টাকা জরিমানাও গুনতে হয় সিটি ব্যাংককে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। ফলে এ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে সার্চ কমিটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, কার কার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তা মনে নেই।
জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন প্রথম আলোকে বলেন, ‘তদন্তে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। তবে ব্যবস্থা নেওয়ার আগেই তিনি চাকরি ছেড়ে চলে যান।’
বিষয়টি নিয়ে বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।