ডেপুটি গভর্নর পদে যোগ্য লোক মেলেনি!
>

আমরা যাঁদের নাম সুপারিশ করেছিলাম, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং একটি গোয়েন্দা সংস্থার অভিযোগ রয়েছে। তাই নতুন করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে যোগ্য লোক নিয়োগ দিতে পারছে না সরকার। প্রথম দফায় ব্যর্থ হয়ে সরকার তাই আবার লোক খুঁজছে। তবে প্রার্থী বাছাই থেকে নিয়োগের সুপারিশ করা পর্যন্ত পুরো দায়িত্ব থাকছে আগের সার্চ কমিটির হাতেই। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনূসুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি আবার একটি বিজ্ঞাপন দেওয়া যায়।’
গত ফেব্রুয়ারিতে রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় ১৫ মার্চ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। একই ঘটনায় সরকার বাংলাদেশ ব্যাংকের দুই ডিজি আবুল কাসেম ও নাজনীন সুলতানাকে সরিয়ে দেয়। তখন থেকেই পদ দুটি শূন্য।
পরদিন ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকে ডিজি নিয়োগের জন্য পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কমিটির অন্য সদস্যরা হলেন গভর্নর ফজলে কবির (তখনো তিনি গভর্নর হননি), অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক কে এ এস মুরশিদ। কমিটির সদস্যসচিব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।
সার্চ কমিটি গঠনের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডিজি নিয়োগে নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি দৈনিক পত্রিকায় দুবার বিজ্ঞাপন দেয়। ২৮ মার্চ দেওয়া প্রথম বিজ্ঞাপনে আবেদনের যোগ্যতার শর্ত দেওয়া হয় দেশ-বিদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের পদে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা।
শীর্ষ পদে যেহেতু এত বছরের অভিজ্ঞতা অবাস্তব, তাই দুই দিন পর তা সংশোধন করে বিজ্ঞাপন দেওয়া হয় ৩০ মার্চ। এবার বলা হয়, দেশ-বিদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অথবা যেকোনো নিয়ন্ত্রক সংস্থায় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শীর্ষ পর্যায়ের পদে কাজ করার।
দেশ-বিদেশের পরিচিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকার শর্ত দেওয়া হয় উভয় বিজ্ঞাপনেই। বলা হয়, তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
আবেদন গ্রহণ, প্রার্থী বাছাই, প্রাথমিক তালিকা তৈরি এবং মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে গত মাসে তিনজনের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠায় সার্চ কমিটি। সূত্রগুলো জানায়, বর্তমানে নির্বাহী পরিচালক পদে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এমন তিনজনের নামে সুপারিশ করে সার্চ কমিটি। কিন্তু সরকার তা গ্রহণ করেনি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ডিজি পদের জন্য আবেদন জমা পড়ে অর্ধশতাধিক। প্রাথমিক বাছাই শেষে ২১ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়, যাদের মধ্যে ১৪ জনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা। বাকিরা সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক।
সার্চ কমিটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা যাঁদের নাম সুপারিশ করেছিলাম, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং একটি গোয়েন্দা সংস্থার অভিযোগ রয়েছে। তাই নতুন করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
নতুন বিজ্ঞাপনে নতুন কোনো শর্ত থাকছে কি না, জানতে চাইলে কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, ‘এগুলো প্রায় আগের মতোই থাকবে। একটু পরিবর্তন হতে পারে। বলা হতে পারে যে কেন্দ্রীয় ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।’
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বিজ্ঞাপন দেওয়ার পর আগে যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা আবার আবেদন করতে পারবেন। তবে যে তিনজনের নাম সুপারিশ করেছিল সার্চ কমিটি, তাঁরা পারবেন না।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকে চারজন ডিজি থাকার দরকার নেই বলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তাই দুটি পদ শূন্য থাকলেও ডিজি নিয়োগ দেওয়া হবে আর একজন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে যোগাযোগ করে জানা গেছে, চারজন ডিজির স্থায়ী পদ বাংলাদেশ ব্যাংকে নেই। এক বছরের জন্য অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছিল ৪ নম্বর ডিজির পদ।
এদিকে ডিজি নিয়োগের সার্চ কমিটি নিয়ে কথা উঠেছে। কমিটির প্রধান তিন সদস্যই হচ্ছেন গবেষক। এর মধ্যে জায়েদ বখ্ত অগ্রণী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান। বাণিজ্যিক ব্যাংকের কারও পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের ডিজি নির্বাচন করাটা সাংঘর্ষিক মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ব্যাপারে মতামত চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন শুধু বলেন, ‘বিষয়টা স্পর্শকাতর। আমি কোনো মন্তব্য করতে চাই না।’
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনূসুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নেবেন।