ডেপুটি গভর্নর পদে ১৩ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করা যাবে ১৩ এপ্রিল পর্যন্ত। ২৮ মার্চ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ডেপুটি গভর্নরের দুটি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হবে। ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার গঠিত সার্চ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সার্চ কমিটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সভায় ডেপুটি গভর্নর পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়। সভার পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে কমিটির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী বাছাইয়ে যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর জন্য আমরা সুপারিশ করব। প্রার্থীদের যে যোগ্যতা লাগবে তা বিজ্ঞাপনে উল্লেখ থাকবে।’
সার্চ কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত্ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ।