ডেপুটি গভর্নর পদে ১৬ প্রার্থীর সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে নিয়োগ পেতে আগ্রহী ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এই সাক্ষাৎকার নেয় ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ১২ জনই কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান নির্বাহী পরিচালক। এর মধ্যে বর্তমান নির্বাহী পরিচালকেরা হলেন নির্মলচন্দ্র ভক্ত, সাইফুল ইসলাম, আহমেদ জামাল, এস এম মনিরুজ্জামান, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, শুভঙ্কর সাহা, বিষ্ণুপদ সাহা, মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার ও আবদুর রহিম। সাবেক সাবেক নির্বাহী পরিচালকেরা হলেন মাহফুজুর রহমান, হুমায়ুন কবির ও কাজী নাসির আহমেদ।

এ ছাড়া সোনালী ব্যাংকের পরিচালক সাবেরা আক্তারী জামাল ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খুরশেদ হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক ডিএমডি আফজালুল বাসার এবং সিটি ব্যাংকের সাবেক ডিএমডি বদরুদ্দোজা চৌধুরীও মৌখিক পরীক্ষায় অংশ নেন।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার পরে ১৫ মার্চ পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ঘটনায় সরকার বাংলাদেশ ব্যাংকের তৎকালীন দুই ডিজি আবুল কাসেম ও নাজনীন সুলতানাকে সরিয়ে দেয়। তখন থেকেই পদ দুটি শূন্য এবং বাকি দুই ডিজি নিয়েই ছয় মাস ধরে চলছে বাংলাদেশ ব্যাংক।

১৬ মার্চ ডিজি নিয়োগের জন্য পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটি ২১ জন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে তিন প্রার্থীর নাম চূড়ান্ত করে। কিন্তু দুজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়াই নতুন করে শুরু করে সার্চ কমিটি। এ দফায় আবেদন পড়ে ৩৪টি, যার মধ্যে ১৭ জনকে গতকাল মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এর মধ্যে একজন আসেননি।

বাংলাদেশ ব্যাংকের ডিজি নিয়োগের জন্য ২০১২ সালেও একবার কাজী খলীকুজ্জমান আহমদকে সার্চ কমিটির প্রধান করা হয়েছিল। কিন্তু তাঁর কমিটির সুপারিশ সরকার তখন আমলে নেয়নি।