ডেপুটি গভর্নর পদে ২৭-২৮ এপ্রিল সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ এপ্রিল। কেন্দ্রীয় ব্যাংকেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি সাক্ষাৎকার দিতে ইতিমধ্যে প্রায় ২০ জন প্রার্থীকে ডেকেছে।

তবে গতকাল রোববার পর্যন্ত যাঁরা সাক্ষাৎকারে অংশ নেওয়ার ডাক পেয়েছেন তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের এ পদে আবেদনের যোগ্যতা নেই বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডেপুটি গভর্নর পদের জন্য আবেদনকারীর যোগ্যতায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং ২৫ বছরের ব্যাংকিংয়ের অভিজ্ঞতা চাওয়া হলেও এসব প্রার্থীর কারও কারও শুধু স্নাতক সম্মান ডিগ্রিই রয়েছে, আবার কেউ শুধু স্নাতকোত্তর ডিগ্রিধারী।

পদটির জন্য অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেন। ডাক পাওয়া প্রার্থীদের বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। পাশাপাশি রয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া সাবেক ব্যাংকার এবং অর্থনীতিবিদও আছেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গত ১৫ মার্চ গভর্নর পদত্যাগ করেন ও দুই ডেপুটি গভর্নরকে প্রত্যাহার করে সরকার। পরদিন ১৬ মার্চ ডেপুটি গভর্নর নিয়োগের জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে সরকার।