ডেপুটি গভর্নর হলেন এস এম মনিরুজ্জামান
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মনিরুজ্জামান। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পিআরএল সমর্পণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০(৪) নম্বর ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর রয়েছেন। এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া সাপেক্ষে এখন ডেপুটি গভর্নর হলেন তিনজন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনার আগ পর্যন্ত চারজন ডেপুটি গভর্নর ছিলেন। রিজার্ভের অর্থ চুরির ঘটনার পর গত মার্চে দুজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় সরকার। একই ঘটনায় পদত্যাগে বাধ্য হন তৎকালীন গভর্নর আতিউর রহমান।
নতুন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি তিনজনের একটি প্যানেল তৈরি করে। কিন্তু প্যানেলের দুজনের নামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ থাকায় প্যানেলটি বাতিল করে দেওয়া হয়।
পরে কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে গঠিত অনুসন্ধান বা সার্চ কমিটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) পদে নিয়োগে পাঁচজনের নাম সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। অর্থ মন্ত্রণালয় থেকে ডেপুটি গভর্নর পদে এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়।