ডেপুটি গভর্নরের দুই পদে অর্ধশত প্রার্থী
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেতে আবেদন করেছেন অর্ধশতাধিক প্রার্থী। প্রার্থীদের বড় অংশই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। এ ছাড়া অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকও আছেন আবেদনকারীর তালিকায়। কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে সরকার। গতকাল বুধবারই ছিল আবেদনের শেষ দিন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার শেষ সময় পর্যন্ত ৫০-এর অধিক প্রার্থী আবেদন করেছেন। প্রার্থীরা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাসের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। কেউ ই-মেইলে আবার কেউ সরাসরি আবেদনপত্র জমা দিয়েছেন।
১৬ এপ্রিল ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির সভায় আবেদনগুলো যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেই চূড়ান্ত প্রার্থী খুঁজে বের করা হবে।
জানতে চাইলে সার্চ কমিটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, ‘কেবল তো আবেদন জমা পড়ল। সংক্ষিপ্ত তালিকা করে সাক্ষাৎকার নেওয়া হবে। এরপরই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। প্রক্রিয়াটা নির্ভুলভাবে করতে সময় লাগবে।’
জানা যায়, রিজার্ভ চুরির ঘটনায় গত ১৫ মার্চ গভর্নর পদত্যাগ করেন এবং দুই ডেপুটি গভর্নরকে প্রত্যাহার করে সরকার। এর পরদিন ১৬ মার্চ সরকার ডেপুটি গভর্নর নিয়োগের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত ও বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ। সদস্যসচিব করা হয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাসকে।
এ কমিটি গত ২৮ মার্চ বিজ্ঞাপন দিয়ে দুই ডেপুটি গভর্নরের শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করে। পরে যোগ্যতার শর্ত সংশোধন করে আবারও বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদনের শেষ দিন ছিল গতকাল বুধবার।
৬০ বছরের কম বয়সীদের আবেদন করতে বলা হয়। স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রিসহ ২৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা চাওয়া হয় আবেদনকারীর যোগ্যতায়। তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করার শর্ত দেওয়া হয় বিজ্ঞাপনে।