ডেবিট কার্ড পাবেন ইপিজেডে কর্মরত নির্বাহীরাও
এখন থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) কার্যরত প্রতিষ্ঠানের শীর্ষ তিনজন করে নির্বাহীর নামে আন্তর্জাতিক ডেবিট ও প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। এত দিন অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের নামে এ ধরনের কার্ড ইস্যুর সুযোগ থাকলেও ইপিজেড ও ইজেডের জন্য সুযোগ ছিল না। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, আগে এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারী প্রতিষ্ঠানের শীর্ষ তিনজন করে নির্বাহীর নামে আন্তর্জাতিক ডেবিট ও প্রিপেইড কার্ড ইস্যুর সুযোগ ছিল। তবে ইপিজেড ও ইজেডে কার্যরত প্রতিষ্ঠান সরাসরি বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি) ধারণ করায় তাদের এ সুযোগ ছিল না। তবে এখন থেকে উভয়ের ক্ষেত্রে এ সুযোগ দেওয়া হলো। এর ফলে দেশের মধ্যে থেকেও ইপিজেড ও ইজেডে কার্যরত প্রতিষ্ঠানের শীর্ষ তিনজন করে নির্বাহী আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ পাবেন।