ডেল্টা স্পিনার্সের রাইট অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডকে বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৫১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেল্টা স্পিনার্সকে নয় কোটি ১৭ লাখ ২৫ হাজার ৬০০টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৯১ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাইট শেয়ার ছেড়ে সংগৃহীত অর্থে বর্তমান স্পিনিং মিলের ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, যন্ত্রপাতি পুনঃস্থাপন ও সম্প্রসারণ (বিএমআরই); পণ্য বহুমুখীকরণ এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের আংশিক পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
রাইট শেয়ারেরর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এদিকে মার্জিন ঋণসংক্রান্ত আইন ভঙ্গ করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ ও ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে কমিশন।