ডেসটিনি গ্রুপের সাতজনের ব্যাংক হিসাব তল্লাশি করছে কর কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনের ব্যাংক হিসাব তল্লাশি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার বিকেলে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জানতে চেয়ে চিঠি দিয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি)। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের সব ব্যাংক হিসাবের বিবরণী দিতে হবে।যাঁদের ব্যাংক হিসাব তল্লাশির জন্য বলা হয়েছে তাঁরা হলেন: ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, পরিচালক হারুন-অর-রশিদ, গোফরানুল হক, সাঈদ উর রহমান, শেখ তৈয়েবুর রহমান ও মেজবাহউদ্দীন স্বপন। একই সঙ্গে ডেসটিনি গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি করছে এনবিআর।সিআইসির বিদ্যমান আইনের ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে যেকোনো প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যাংক হিসাব চাইতে পারে এনবিআর। এই আইনের ক্ষমতাবলে এনবিআর ডেসটিনি গ্রুপের সংশ্লিষ্টদের নামে একক ও যৌথ নামে বা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে চলতি হিসাব, মেয়াদি হিসাব, আমানত হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র থাকলে হিসাবগুলোর সর্বশেষ লেনদেনসহ যাবতীয় তথ্য-উপাত্ত আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানোর অনুরোধ করেছে এনবিআরের গোয়েন্দা সেল।এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য এম কাদের সরকার প্রথম আলোকে বলেন, ‘সমবায় অধিদপ্তরের আওতায় থাকা এসব প্রতিষ্ঠান কর রেয়াতের সুবিধা পেয়ে আসছে। এখন তাদের কর নথি ও ব্যাংক হিসাব পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, তা যথাযথভাবে পরিপালন করা হচ্ছে কি না।’ কাদের সরকার আরও জানান, সমবায় অধিদপ্তরের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে করের আওতায় আনা যায়, সেটা চিন্তাভাবনা করছে এনবিআর। আগামী বাজেটে এ ধরনের ঘোষণা থাকতে পারে। এত দিন এই প্রতিষ্ঠানগুলো অর্থ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত না হয়েই আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইসির একজন কর্মকর্তা জানান, ব্যাংক হিসাব তল্লাশি করে মূলত অর্থ স্থানান্তর বা মানি ট্রান্সফারিংয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।ইতিমধ্যে ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠানের আয়কর নথিও তলব করেছে এনবিআর। গত রোববার মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর অফিসকে ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর বিবরণীর ফাইল এনবিআরের নিরীক্ষা, পরিদর্শন ও তদন্ত বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে কর নথি এনবিআরে এসেছে। এখন তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।দুদকের চিঠি: ডেসটিনি গ্রুপের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে দুদকের তিন সদস্যের একটি দল হাজির হয় ডেসটিনির প্রধান কার্যালয়ে।দুদকের পরিচালক স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলামের নেতৃত্বাধীন এ দলে ছিলেন উপ-পরিচালক মোজাহার আলী সরদার এবং সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। তাঁরা ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের কাছে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার বিষয়ে জানতে চান।দুদকের সদস্যরা ১৫টি বিষয়ে তথ্য চেয়ে বীর উত্তম সি আর দত্ত রোডের কার্যালয়ে রফিকুল আমীনের হাতে একটি চিঠি দেন। চিঠিতে যেসব বিষয় জানতে চাওয়া হয়েছে সেসবের মধ্যে রয়েছে: কোম্পানির সংঘস্মারক, কো-অপারেটিভ সোসাইটির রেজিস্ট্রেশন, আয়-ব্যয়ের হিসাব, গাছ লাগানোর তথ্য, ব্যাংক লেনদেন, টাকা সংগ্রহের পদ্ধতি, এ পর্যন্ত কত টাকা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, কত টাকা বিতরণ করা হয়েছে প্রভৃতি। আগামী রোববারের মধ্যেই এসব তথ্য দুদককে সরবরাহ করতে বলা হয়েছে। দুদকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ রফিকুল আমীন।