ডেসটিনির দুর্নীতি নিয়ে কাল বৈঠক
ডেসটিনি ২০০০ লিমিটেড ও ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতির বিষয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সচিবালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (রেজসকো) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। রেজসকো নিবন্ধককে প্রধান করে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে গত সেপ্টেম্বরে সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি পাঠিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। অবশ্য মানি লন্ডারিংয়ের অভিযোগে ঢাকার কলাবাগান থানায় গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ২২ জন শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, পরিচালক দিদারুল আলম ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এখন কারাগারে। গ্রুপের প্রেসিডেন্ট হারুন-অর-রশিদ জামিনে আছেন। অন্য ১৮ জন পলাতক। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ হাজার কোটিরও বেশি পরিমাণ টাকা সংগ্রহ করেছে ডেসটিনি গ্রুপ। এর মধ্যে প্রায় পুরো টাকাই তুলে নিয়েছে ডেসটিনির কর্তাব্যক্তিরা। এর মধ্যে একটি বড় অংশ বিদেশে পাচারও হয়েছে।