ডেসটিনি ২০০০ লিমিটেড ও ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি খুঁজে বের করতে সরকারের কোন দপ্তর এ পর্যন্ত কী কাজ করছে, তা জানতে ও কাজের সমন্বয় করতে বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। ডেসটিনির আইনবহির্ভূত বহুমাত্রিক কর্মকাণ্ড নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করেছে ও করছে। সে অনুযায়ী ডেসটিনির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় তা সমন্বয় করবে। গত ২৩ অক্টোবর এ বিষয়ে একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির প্রথম বৈঠক এটি। সূত্র জানায়, বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (রেজসকো) যুগ্ম সচিব পর্যায়ের একজন করে কর্মকর্তা উপস্থিত থাকবেন। এর আগে আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি পাঠিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছিল, ব্যাংকের লাইসেন্স না নিয়ে অবৈধ ব্যাংকিং বা প্রতারণা করায় বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনের ৪৪, ৫১, ৫২, ৫৩, ৬৬ ও ৬৭ ধারা অনুযায়ী ডেসটিনির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাংক। এনবিআরকে বলা হয়, ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছে, তা খতিয়ে দেখে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব আদায় করতে। রেজসকোকে বলা হয় আইনকানুন লঙ্ঘনের দায়ে আদালতের মাধ্যমে ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিলের উদ্যোগ নিতে। ডেসটিনির প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা করেছে যেসব নিরীক্ষক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও বলা হয় রেজসকোকে। কারণ হিসেবে বলা হয়, ডেসটিনির বহুমাত্রিক আর্থিক অনিয়মের বিষয়গুলো নিরীক্ষা প্রতিবেদনে বিধিসম্মতভাবে প্রতিফলিত হয়নি। সমবায় আইন লঙ্ঘন করে অবৈধ আর্থিক লেনদেন করেছে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। প্রতিষ্ঠানটি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত হওয়ায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে বলা হয়, ডেসটিনি গ্রুপের অনেক প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করেছে। তাই এ বিভাগ যেন আইনানুগ ব্যবস্থা নেয়।