ডেসটিনি ২০০০ লিমিটেডসহ প্রস্তাবিত বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়ার বিষয়ে শুনানি গ্রহণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল রোববার প্রথম শুনানি নেওয়া হয় ডেসটিনির। কঠোর গোপনীয়তায় শুনানি গ্রহণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মূর্তজা রেজা চৌধুরী। অংশ নেন ডেসটিনির কোম্পানি সচিব মিজানুর রহমান ও পরামর্শক আর্টিসান চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের অংশীদার সেলিম রেজা।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে শুনানি গ্রহণের কথা নিশ্চিত করেন।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) গত মাসে ১৭টি প্রস্তাবিত এমএলএম কোম্পানির আবেদন নাকচ করেছিল। এর পরই তারা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে।
কার্যক্রম, উদ্দেশ্য ও পণ্যতালিকা এমএলএম আইনের সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ না থাকায় অনুমোদন দেওয়া হয়নি বলে তখন প্রথম আলোকে জানিয়েছিলেন রেজসকো নিবন্ধক বিজনকুমার বৈশ্য। রেজসকো অবশ্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে কলাবাগান থানায় ডেসটিনির পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের দুটি ভিন্ন মামলা থাকাকে লাইসেন্স না দেওয়ার কারণ হিসেবে দাঁড় করায়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী সাত দিনের মধ্যে ডেসটিনিকে লাইসেন্স দেওয়া না-দেওয়ার কথা মন্ত্রণালয় জানিয়ে দেবে। এ ছাড়া ১০ এপ্রিল তিয়ানশি বিডি, ১৭ এপ্রিল ভিশন বিডি, ২২ এপ্রিল অ্যাডভান্সড বাংলা লিমিটেডের শুনানি গ্রহণ করা হবে বলে জানা গেছে।