ডেসটিনির সম্পত্তি পুলিশি হেফাজতে বেদখল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির সম্পত্তি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। পাহারার অভাবে প্রতিদিন লুট হচ্ছে ডেসটিনির বাগানের গাছপালা।
এসব কথা তুলে ধরে বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতিতে ব্যবসা করার জন্য সরকারের কাছে লাইসেন্স পাওয়ার দাবি জানিয়েছে ডেসটিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেসটিনি ২০০০ লিমিটেডের কিছু পরিবেশক এ দাবি জানান।
গত ৭ জুলাই প্রথম আলোতে ‘ডেসটিনির সম্পত্তি পুলিশ খাচ্ছে!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ৯ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রতিবাদ জানায়।
সাধারণ মানুষের কাছ থেকে এযাবৎ পাঁচ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে ডেসটিনি। এর মধ্যে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ডেসটিনির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডেসটিনির পরিবেশক শারমিন আক্তার ওরফে স্বর্ণা। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশক ফেরদৌসি হক, নাসরিন আজাদ, ফারিয়া মাহবুব ও ফিরোজ আলম। আর সাংবাদিকদের সারিতে বসা ছিলেন রফিকুল আমীনের ভাই ইকবাল আমীন এবং রফিকুল আমীনের প্রটোকল অফিসার বিশ্বনাথ পোদ্দার। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের মহাসচিব রাজীব মিত্র।
আদালতের নির্দেশে বর্তমানে ডেসটিনির সব সম্পত্তির তত্ত্বাবধায়ক (রিসিভার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মীর রেজাউল আলম বলেন, ‘আদালতের নির্দেশে ডেসটিনির ঢাকার সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে পুলিশ।’ চট্টগ্রাম বা অন্য কোনো অঞ্চলের কোনো তথ্য তাঁর কাছে নেই।