ডেসটিনিসহ ১৭ প্রতিষ্ঠানের আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি ২০০০ লিমিটেডসহ ১৭টি কোম্পানির বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতিতে ব্যবসা করতে চাওয়ার আবেদন নামঞ্জুর করে দিয়েছে সরকার।
দেশে এমএলএম পদ্ধতির ব্যবসা পরিচালনার কোনো আইন না থাকলেও কোম্পানিগুলো এত দিন এ পদ্ধতিতেই ব্যবসা করে আসছিল। গত অক্টোবরে প্রথমবারের মতো এমএলএম আইন প্রণয়ন করে সরকার। এ আইনে এমএলএম পদ্ধতিতে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়।
নতুন আইনের আওতায় ২১টি আবেদন জমা পড়লে দায়িত্বপ্রাপ্ত সংস্থা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) দুই মাস ধরে তা যাচাই করে। গত রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রেজসকো। এতে চারটি কোম্পানিকে ব্যবসা করার জন্য অনুমোদন দেওয়া হলেও নামঞ্জুর করা হয় ১৭টির আবেদন।
যোগাযোগ করলে রেজসকো নিবন্ধক বিজনকুমার বৈশ্য প্রথম আলোকে বলেন, বিদ্যমান আইনের আওতায় যেসব কোম্পানিকে অনুমোদন দেওয়া যায়, সেগুলোকেই অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যগুলোর আবেদন এমএলএম আইনের সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ না থাকায় অনুমোদন দেওয়া হয়নি বলে জানান তিনি।
আবেদন নামঞ্জুর হওয়া কোম্পানিগুলো হচ্ছে ডেসটিনি ২০০০ লি., এমওয়ে ইন্টারন্যাশনাল, টিয়ানসি (বিডি), এসএমএন গ্লোবাল, এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল, অ্যাডভান্স বাংলা, দেশান (বিডি), ডি ক্লাসিক লাইফ (বিডি), ড্রিম টুগেদার, একসিলেন্ট ফিউচার মার্কেটিং, ফরেইভার লিভিং প্রডাক্টস (বিডি), পিনাসেল সোর্সিং, সানুস লাইফ (বিডি), লাইফওয়ে (বিডি), লাক্সার গ্লোবাল এন, ম্যাকনম ইন্টারন্যাশনাল এবং ভিশন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড।
অনুমোদন পাওয়া চার এমএলএম কোম্পানি—ওয়ার্ল্ড ভিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, রিচ বিজনেস সিস্টেম ও এমএক্সএন মডার্ন হারবাল ফুড।
আইন অনুযায়ী আবেদন নামঞ্জুর হওয়া কোম্পানিগুলো ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। আপিলের ৪৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে শুনানি। তারও সাত দিনের মধ্যে লাইসেন্স দেওয়া না-দেওয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানানো হবে আবেদনকারীকে।
আইন হওয়ার আগে ২০১২ সালের নভেম্বর থেকে শুরু করে গত বছর কয়েক দফায় ৮৫টি এমএলএম কোম্পানির নাম রেজকোর নিবন্ধন বই থেকে কেটে দেওয়া হয়। দুই দফা পরিদর্শন করে কোম্পানিগুলোর কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়ার পর এগুলোকে বিলুপ্তও ঘোষণা করে রেজসকো। আইনে বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিগুলো তখন রেজসকোতে কোনো রিটার্ন দাখিল করেনি।
রেজসকো কর্মকর্তারা বলছেন, বিশ্বজুড়ে বিতর্কিত পদ্ধতি হওয়ায় এবং এ পদ্ধতির ব্যবসায়ে বিপুল জনগোষ্ঠীর প্রতারিত হওয়ার সুযোগ থাকায় লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তাঁরা আইনের পুঙ্খানুপুঙ্খ ধারা অনুসরণ করছেন। এখন যাঁরা লাইসেন্স পেয়েছেন, আইন লঙ্ঘনের দায়ে ভবিষ্যতে তাঁরা তা হারাতেও পারেন।
জানা গেছে, পরিবেশকদের সঙ্গে চুক্তিসংক্রান্ত জটিলতায় কিছু কোম্পানি লাইসেন্স পায়নি। যেমন কোনো পরিবেশক অপরাধ করলে বা কারও সঙ্গে প্রতারণা করলে কোম্পানি তাঁকে বরখাস্ত করবে, নাকি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে—এ ব্যাপারে সুরাহা না হওয়ায় লাইসেন্স পায়নি অনেকে।
ডেসটিনি গ্রুপের কোম্পানি সচিব মিজানুর রহমানও আশাবাদী লাইসেন্স পাবেন বলে। প্রথম আলোকে তিনি বলেন, ‘লাইসেন্সের জন্য আমাদের আবেদন রেজসকো নামঞ্জুর করায় আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করেছি। আশা করছি লাইসেন্স পেয়ে যাব এবং আইন অনুসরণ করে ব্যবসাও পরিচালনা করতে পারব।’
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত তিন দিনে লাইসেন্স না-পাওয়া ১৫টি কোম্পানি মন্ত্রণালয়ে আপিল করেছে। একেক কোম্পানিকে একেক দিন শুনানিতে ডাকা হবে। এতে মন্ত্রণালয় ও রেজসকোর প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, আইনত এমএলএম পদ্ধতির কোনো ব্যবসা ছিল না। এত দিন যারা করেছে, অবৈধভাবে করেছে। এখন যেহেতু আইন হয়েছে, তা অনুসরণ করেই কোম্পানিগুলোকে ব্যবসা করতে হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে কাউকেই আটকে রাখা হবে না বলে জানান তিনি।