ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন কার্যক্রম আজ রোববার থেকে শুরু হচ্ছে। ২৬ জানুয়ারি পর্যন্ত দেশি ও প্রবাসী বাংলাদেশিরা কোম্পানিটির আইপিও শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। জানা গেছে, পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে চার কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করতে যাচ্ছে কোম্পানিটি। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, ব্যবসা সম্প্রসারণের ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে। তাতে মুনাফাও বাড়বে। ২০১৪ সালের সমাপ্ত আর্থিক বছরের হিসাবে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ১ টাকা ৪৮ পয়সা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২১ লাখ ৬০ হাজার পিস। আর স্পিনিংয়ের উৎপাদন ক্ষমতা ৬৫ লাখ ৭০ হাজার পাউন্ড। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।